30 C
Kolkata
Thursday, August 20, 2026
spot_img

‘মুখোমুখি’ SFI-ABVP, মাঝখানে পুলিশ! ব্যারিকেড ভাঙার চেষ্টা থেকে পতাকা-বিতর্ক! ফের রণক্ষেত্র যাদবপুর!

কলকাতা: একটি GB বৈঠককে ঘিরে শুরু হওয়া বচসার আঁচ এবার ছড়িয়ে পড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) গণ্ডির বাইরেও। বুধবার রাতের সংঘর্ষের পর বৃহস্পতিবারেও SFI ও ABVP-র পৃথক মিছিল ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর চত্বর। দুই মিছিল মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হতেই পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকানোর চেষ্টা করে। ৮বি-র সামনে SFI-এর জমায়েতে আটকে পড়েন সংগঠনের রাজ্য সভাপতি দেবাঞ্জন দে এবং যুবনেত্রী দীপ্সিতা ধর। অন্যদিকে, ঢাকুরিয়া ব্রিজের কাছেও ABVP-র মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের বাধা উপেক্ষা করে ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সংগঠনের কয়েকজন সদস্য। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) গেটের সামনে পৌঁছে যান ABVP-র কয়েকজন সদস্য, ওড়ানো হয় সংগঠনের পতাকা। সেই পতাকা ওড়ানো নিয়েই আপত্তি জানান বামপন্থী ছাত্রছাত্রীরা। মুহূর্তে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে গেট চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় পুলিশ। বুধবার রাতের সংঘর্ষের পর বৃহস্পতিবারের এই পাল্টাপাল্টি জমায়েত ঘিরে কার্যত ‘মিছিল বনাম মিছিল’-এর আবহ তৈরি হয় যাদবপুরে।

উল্লেখ্য, বুধবার রাতে FETSU-র গভর্নিং বডির বৈঠক চলাকালীন ABVP-র কয়েকজন সদস্য অরবিন্দ ভবনে ঢুকে পড়ে হামলা চালায় বলে অভিযোগ বাম ছাত্র সংগঠনগুলির। পালটা ABVP-র দাবি, বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) বর্তমানে কোনও ছাত্র ইউনিয়ন নেই, ফলে FETSU-র GB বৈঠকের বৈধতা নিয়েই তাঁরা প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্নকে কেন্দ্র করে প্রথমে তীব্র বচসা এবং পরে হাতাহাতিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষেরই একাধিক সদস্য আহত হন বলে দাবি, চিকিৎসার জন্য কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করে। বুধবার রাতের ঘটনার প্রতিবাদে SFI কর্মসূচির ডাক দেয়, পালটা মিছিলের ঘোষণা করে ABVP-ও। দুপুর গড়াতেই ৮বি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট এবং ঢাকুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় দুই পক্ষের জমায়েত ঘিরে চড়তে থাকে উত্তেজনার পারদ। দুই মিছিল কাছাকাছি চলে আসার আশঙ্কায় পুলিশ একাধিক জায়গায় ব্যারিকেড বসিয়ে তাদের আটকে দেয়। অভিযোগ, ABVP-র কয়েকজন সদস্য ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পৌঁছে যান সংগঠনের কয়েকজন সদস্য এবং পতাকা ওড়ান। সেই নিয়ে বাম ছাত্রছাত্রীদের সঙ্গে ফের বাদানুবাদ শুরু হয়।

অন্যদিকে, ৮বি-র সামনে SFI-এর জমায়েতেও তৈরি হয় টানটান পরিস্থিতি। সেখানে আটকে পড়েন SFI-এর রাজ্য সভাপতি দেবাঞ্জন দে এবং যুবনেত্রী দীপ্সিতা ধর। ফলে বুধবার রাতের ক্যাম্পাস সংঘর্ষ বৃহস্পতিবার কার্যত রাস্তায় নেমে আসে।

এই গোটা ঘটনার কেন্দ্রবিন্দুতে অবশ্য রয়েছে একটি প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) বর্তমানে নির্বাচিত ছাত্র ইউনিয়ন না থাকলে FETSU-র GB বৈঠক কীভাবে এবং কোন ক্ষমতাবলে ডাকা হয়েছিল? ABVP এই প্রশ্নকেই সামনে আনছে। অন্যদিকে বাম ছাত্র সংগঠনগুলির বক্তব্য, বৈঠকে ঢুকে পড়া এবং তা ভণ্ডুল করার চেষ্টা থেকেই সংঘর্ষের সূত্রপাত। ঘটনার আইনি দিকও ইতিমধ্যে সামনে এসেছে। বুধবারের সংঘর্ষকে কেন্দ্র করে দ্রুত শুনানির আবেদন জানানো হলেও কলকাতা হাই কোর্ট তা গ্রহণ করেনি; নতুন মামলা দায়ের করে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

ফলে বুধবারের একটি ছাত্রসভা থেকে শুরু হওয়া বিতর্ক এখন একদিকে ক্যাম্পাস রাজনীতির বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে SFI-ABVP-র প্রকাশ্য শক্তি প্রদর্শনে পরিণত হয়েছে। GB-র দরজায় শুরু হওয়া সংঘাত কি এবার যাদবপুরের ছাত্র রাজনীতিতে আরও বড় সংঘর্ষের ইঙ্গিত? আপাতত সেই প্রশ্নেই নজর গোটা শহরের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন