Aaj lndia Desk,কলকাতা: দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিলেন ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan)-কে। অবশেষে সোমবার নেপাল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)। সূত্রের খবর, তাঁকে দ্রুত পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হচ্ছে।
ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের আগে হঠাৎ করেই ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানা জাহাঙ্গির খান (Jahangir Khan)। সে সময় তিনি বলেছিলেন, ফলতায় শান্তি বজায় রাখা এবং এলাকার উন্নয়নের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এরপর থেকেই তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
এরই মধ্যে একাধিক মামলায় তাঁর নাম জড়িয়ে পড়ে। তারপর থেকেই ডায়মন্ড হারবার জেলা পুলিশ এবং এসটিএফ তাঁর খোঁজে তল্লাশি শুরু করে। তদন্তকারীদের দাবি, পুলিশের চোখ এড়াতে জাহাঙ্গির খুব সতর্ক ছিলেন। তিনি নিজের মোবাইল ফোন বন্ধ করে রেখেছিলেন। এমনকি হোয়াটসঅ্যাপ থেকেও লগআউট করে যান, যাতে তাঁর অবস্থান সম্পর্কে কোনও তথ্য পাওয়া না যায়।
তবে দীর্ঘদিনের নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেষ পর্যন্ত তাঁর অবস্থান জানাতে পারেন এসটিএফ। এরপর বিশেষ অভিযান চালিয়ে নেপাল সীমান্তের কাছ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
জাহাঙ্গির খানকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক রয়েছে। এলাকায় তাঁর যথেষ্ট প্রভাব ছিল বলে পরিচিত। তাই তাঁর গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
এখন তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন। পলাতক থাকার সময় কারা তাঁকে সাহায্য করেছেন বা কোথায় কোথায় তিনি আত্মগোপন করে ছিলেন, সেই বিষয়েও খোঁজ নেওয়া হবে। প্রশাসনের মতে, জাহাঙ্গির খানের গ্রেফতার তদন্তে বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে।


