28.6 C
Kolkata
Wednesday, July 8, 2026
spot_img

৪ বছর ধরে বন্ধ পূর্ব বর্ধমানের মিষ্টি হাব! এবার কি মিলবে কর্মসংস্থানের নতুন দিশা?

Aaj India Desk, পূর্ব বর্ধমান: আগের সরকারের সময়ে একাধিকবার মিষ্টি হাব (Misti Hub)-কে সচল করার চেষ্টা হলেও তা সফল হয়নি। এবার সেই দীর্ঘদিনের অচল প্রকল্পকে নতুনভাবে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে বাংলার বিজেপি সরকার (BJP Government)। পরিকল্পনা করা হচ্ছে, প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে তৈরি এই ভবনেই একটি ফুড প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে।

২০১৭ সালে আসানসোলে জেলা বিভাজনের অনুষ্ঠানে তৎকালীন মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানের জাতীয় সড়কের ধারে বামচাঁদাইপুরে তৈরি মিষ্টি হাবের উদ্বোধন করেছিলেন। শুরুতে বেশ আড়ম্বরের সঙ্গে যাত্রা শুরু হলেও ব্যবসা প্রত্যাশামতো এগোয়নি। কয়েকটি দোকান চালু হলেও ক্রেতার অভাবে একে একে সব দোকানই বন্ধ হয়ে যায়।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে মিষ্টি হাবকে ফের চালু করার চেষ্টা করা হয়। একবার সেখানে মিষ্টি মেলারও আয়োজন করা হয়েছিল। কিন্তু তাতেও পরিস্থিতির তেমন কোনও পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত একতলার ১০টি এবং দোতলার ১৫টি দোকানই বন্ধ হয়ে যায়। গত চার বছর ধরে পুরো ভবনটি তালাবন্ধ অবস্থায় রয়েছে। সমস্যার সমাধান খুঁজতে খড়গপুর আইআইটির বিশেষজ্ঞদের দিয়েও সমীক্ষা করানো হয়েছিল। তাঁরা জেলাশাসকের সঙ্গে আলোচনা করে বিভিন্ন পরামর্শ দিলেও বাস্তবে তার কোনও ইতিবাচক ফল মেলেনি।

এবার নতুন সরকার এই অচল প্রকল্পকে নতুনভাবে কাজে লাগাতে চাইছে। রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র জানান, সরকারি সম্পত্তি মানুষের স্বার্থেই ব্যবহার করা হবে। মানুষের কর্মসংস্থান তৈরি করাই সরকারের লক্ষ্য। সেই ভাবনা থেকেই এখানে একটি ফুড প্রসেসিং সেন্টার তৈরির প্রস্তাব রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে রাইস প্রসেসিং ইউনিট বা আলু সংক্রান্ত হাব তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর দাবি, খুব শীঘ্রই এই ভবনকে নতুনভাবে ব্যবহার করার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন