Aaj India Desk, কলকাতা: বাঙালির কাছে সমুদ্র মানেই দিঘা (Digha)। অল্প সময়ের ছুটি কাটাতে কিংবা সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার জন্য বহু মানুষ এই সমুদ্রসৈকতকেই বেছে নেন। সেই কারণে দিঘাগামী ট্রেনগুলিতে সারা বছরই যাত্রীদের ভিড় থাকে। এবার সেই যাত্রীদের সুবিধার কথা ভেবেই তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কাণ্ডারি এক্সপ্রেসে বড় পরিবর্তনের পরিকল্পনা করেছে পূর্ব রেল (Eastern Railway)।
পূর্ব রেলের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৭ অগাস্ট থেকে এই দুই ট্রেনের কোচের বিন্যাসে পরিবর্তন আনা হবে। এর মধ্যে সবচেয়ে বড় সংযোজন হচ্ছে এসি থ্রি টিয়ার এবং এসি থ্রি টিয়ার ইকোনমি কোচ। ফলে দীর্ঘ পথের যাত্রায় আরও আরামদায়ক ভ্রমণের সুযোগ পাবেন যাত্রীরা।
বর্তমানে তাম্রলিপ্ত এক্সপ্রেসে রয়েছে ৩টি সাধারণ (জেনারেল) কোচ, ৯টি নন-এসি চেয়ার কার, ২টি এসি চেয়ার কার, একটি প্যান্ট্রি কার এবং ২টি লাগেজ-সহ গার্ড ভ্যান। তবে নতুন পরিকল্পনা অনুযায়ী, দুই ট্রেনেই থাকবে ৪টি জেনারেল কোচ, ৫টি নন-এসি চেয়ার কার, ১টি এসি চেয়ার কার, ২টি স্লিপার কোচ, ২টি এসি থ্রি টিয়ার ইকোনমি কোচ, ১টি এসি থ্রি টিয়ার কোচ, একটি প্যান্ট্রি কার এবং একটি লাগেজ-সহ গার্ড ভ্যান।
তাম্রলিপ্ত ও কাণ্ডারি এক্সপ্রেস-দুটি ট্রেনই সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাঁথি এবং রামনগর স্টেশনে থামে। তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল ৬টা ৩৫ মিনিটে এবং কাণ্ডারি এক্সপ্রেস বিকেল ৩টায় যাত্রা শুরু করে। দিঘায় বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ট্রেনই অনেকের প্রথম পছন্দ। তাই নতুন কোচ যুক্ত হওয়ার ফলে আসন সংখ্যা বাড়বে এবং যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।


