Aaj India Desk, নয়াদিল্লি: একটা ক্লিক, আর তারপরই শেষ! সিনেমা বা জনপ্রিয় গায়কের কনসার্টের টিকিটের মতোই এবার প্রবল চাহিদা দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানের ফ্রি টিকিটে। আগামী ৮ সেপ্টেম্বর গুজরাতের ভাদোদরায় ‘নমো ফর বিকশিত ভারত’ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য BookMyShow-তে টিকিটের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু টিকিট চালু হওয়ার পর থেকেই দেখা যায় ব্যাপক আগ্রহ। মাত্র এক ঘণ্টার মধ্যেই সমস্ত আসন পূর্ণ হয়ে যায়। এরপর ওয়েটিং লিস্টে নাম ওঠে ৪২ হাজারেরও বেশি মানুষের।
কী থাকছে মোদীর অনুষ্ঠানে?
ভাদোদরার মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী। সাধারণ নাগরিকের পাশাপাশি পড়ুয়া, ব্যবসায়ী এবং তরুণ উদ্যোক্তারাও অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ২০৪৭ সালের মধ্যে ভারতকে ‘বিকশিত ভারত’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা এবং দেশের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা। অনুষ্ঠানে প্রবেশের জন্য QR কোডযুক্ত ডিজিটাল এম-টিকিট দেখাতে হবে।
৩৫ হাজার কোটির বেশি উন্নয়ন প্রকল্প
মোদীর এই সফরকে ঘিরে শুধু জনসংযোগ কর্মসূচি নয়, থাকছে একাধিক বড় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। গুজরাত এবং মহারাষ্ট্র মিলিয়ে ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্প সামনে আসবে।
এর মধ্যে অন্যতম ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোর। প্রায় ২০,৭০০ কোটি টাকা খরচে তৈরি ৩২৬ কিলোমিটার দীর্ঘ তিনটি অংশ দেশের পণ্য পরিবহণ ব্যবস্থায় নতুন গতি আনতে পারে। এর মাধ্যমে উত্তর ভারতের সঙ্গে মুম্বইয়ের জওহরলাল নেহরু পোর্টের দ্রুত রেল সংযোগ তৈরি হবে। পণ্য পরিবহণের সময় ও খরচ কমানোই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।
রেল ও সড়কেও একাধিক ঘোষণা
নিউ সানন্দ, নিউ মকরপুরা এবং নিউ উমরগাঁও থেকে নতুন ফ্রেইট ট্রেন পরিষেবা চালু হবে। ভাদোদরা-তান্ডা রোডের মধ্যে শুরু হবে নতুন যাত্রীবাহী ট্রেন। পাশাপাশি আলিরাজপুরের প্রত্যন্ত উপজাতি অঞ্চলকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে জোবাট-তান্ডা রোড রেললাইনের সূচনা করা হবে।
এছাড়াও ৯,৭০০ কোটি টাকা ব্যয়ে ৩২৯ কিলোমিটার দীর্ঘ তিনটি নতুন রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১,৭৮০ কোটি টাকার তিনটি জাতীয় সড়ক প্রকল্পের কাজের সূচনা হবে।
ভাদোদরার জন্যও একাধিক প্রকল্প
ভাদোদরায় দ্বিতীয় পর্যায়ের রিং রোড, কদানা বাঁধে ১১০ মেগাওয়াটের ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প, পুরসভার নতুন ভবন, PMAY আবাসন এবং ১১টি গ্রামের জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ভাদোদরার কর্মসূচি শেষ করেই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবেন মোদী। সেখানে বিশ্ব আর্থিক প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আয়োজিত ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬’-এর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর ।


