Aaj India Desk,কলকাতা: অফিসে তল্লাশি, শীর্ষকর্তা গ্রেফতার এই আবহেই ভোটের মুখে আবার শিরোনামে I-PAC। তৃণমূলের নির্বাচনী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ এই সংস্থা কাজ বন্ধ করেছে কি না, তা নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের তরফে জানা গিয়েছে কর্মীদের আপাতত ২০ দিনের ছুটিতে যেতে বলা হয়েছে এবং ১১ মে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। যদিও এই খবর সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, এ ধরনের দাবি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। দলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, I-PAC আগের মতোই তৃণমূলের সঙ্গেই যুক্ত রয়েছে এবং তাদের কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলছে।
তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশলের অন্যতম ভরসা, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা I-PAC হঠাৎ করেই তাদের কাজ বন্ধ করে দিচ্ছে, এমন খবরে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। একটি সর্বভারতীয় , দিল্লি থেকে কলকাতার টিমকে ইতিমধ্যেই জানানো হয়েছে কর্মীদের ২০ দিনের জন্য ছুটিতে যেতে বলা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভোটের মুখে এমন সিদ্ধান্ত কি নিছক প্রশাসনিক, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও রাজনৈতিক কৌশল?
কারণ, বাংলার ভোট মানেই কৌশলের খেলা এ কথা অজানা নয়। সেই জায়গা থেকে কেউ কেউ প্রশ্ন তুলছেন, এটা কি তৃণমূলেরই সাজানো কোনও ‘গেম প্ল্যান’? বিরোধীদের একাংশের দাবি, সহানুভূতি তৈরি, বিভ্রান্তি ছড়ানো বা রাজনৈতিক আখ্যান ঘোরানোর জন্য এমন খবর সামনে আসতেই পারে। আবার অন্যদিকে শাসকদলের তরফে স্পষ্ট বার্তা এই খবর ভিত্তিহীন, I-PAC আগের মতোই কাজ করছে।
তবে বাস্তবটা ঠিক কী? সত্যিই কি কাজ থমকে গিয়েছে, নাকি এটি শুধুই তথ্যযুদ্ধের অংশ সেটা এখনই পরিষ্কার নয়। ভোটের আগে এমন এক বিতর্ক যে রাজনৈতিক পারদ আরও চড়াবে, তা বলাই বাহুল্য। এখন দেখার, সময়ের সঙ্গে এই জল্পনার পর্দা কত দ্রুত সরে যায়।


