Aaj India Desk, কলকাতা: কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দার পদত্যাগ দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন পালনকে কেন্দ্র করে শুক্রবার রাতে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে উত্তেজনা ছড়ায়। রাস্তা আটকে জন্মদিনের অনুষ্ঠান করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার এই ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে সরব হন মমতা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দার পদত্যাগ দাবি করেন তিনি। মমতার বক্তব্য, চোরবাগানের পুজোয় বিপর্যয়ের ঘটনার দায় নিয়ে নগরপালের পদ থেকে সরে দাঁড়ানো উচিত অজয় নন্দার।
এদিন অজয় নন্দার উদ্দেশে মমতা বলেন, তিনি যেন তাঁর কথা শুনতে পান। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের উদাহরণ টেনে তিনি জানান, বিনীত গোয়েল নিজে থেকেই পদত্যাগ করেছিলেন। একইভাবে চোরবাগানের ঘটনার দায় নিয়ে অজয় নন্দাকেও আগে পদত্যাগ করতে হবে।
পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ তোলেন মমতা। তাঁর দাবি, গতকালের ঘটনায় মহিলাদের উপরেও হামলা চালানো হয়েছে। তবে এই পরিস্থিতিতে দলের কর্মী-সমর্থকদের শান্ত থাকার আবেদন জানিয়েছেন তিনি। একইসঙ্গে শুক্রবার রাতের ঘটনায় যে পুলিশকর্মীরা জড়িত ছিলেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের অন্যান্য নেতাদের।
পুলিশকর্মীদের উদ্দেশে আরও কড়া বার্তা দেন মমতা। তাঁর অভিযোগ, কিছু পুলিশকর্মী রাজনৈতিক পক্ষপাতিত্ব করছেন। তাঁদের উদ্দেশে প্রশ্ন তোলেন, আর কত পদোন্নতি প্রয়োজন? এবার পদোন্নতির বদলে পদাবনতি হতে পারে বলেও সতর্ক করেন তিনি। এমনকী, দলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হলে থানা বা জেলকেই দলের কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে বলেও মন্তব্য করেন মমতা।


