Aaj India Desk, কলকাতা : তৃনমূলের সাংগঠনিক সংকটের মধ্যেই ফের বড় ধাক্কা। তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিলকে ঘিরে চলা অন্তর্দ্বন্দ্বের মাঝেই বড় পদক্ষেপ নিল পুলিশ। অভিযোগের ভিত্তিতে এইচডিএফসি ব্যাঙ্কে থাকা দলের তিনটি অ্যাকাউন্টের ডেবিট লেনদেন সাময়িকভাবে স্থগিত বা ‘ফ্রিজ’ করা হয়। সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলিতে প্রায় ৪৪০ কোটি টাকা জমা রয়েছে। ফলে ওই অ্যাকাউন্টগুলি থেকে আপাতত টাকা তোলা বা খরচ করা সম্ভব হবে না।(TMC Bank Account Freeze)
১০ বিধায়কের অভিযোগের পর পদক্ষেপ
বিদ্রোহী শিবিরের দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-ঘনিষ্ঠ ১০ জন বিধায়ক আজই একযোগে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেন। তাঁদের অভিযোগ, দলীয় তহবিলের উৎস, লেনদেন এবং অর্থ ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত স্বচ্ছতা নেই। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়।
এর আগে একই ইস্যুতে দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসও সরব হয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, দলের ভিতরে বর্তমানে তীব্র সাংগঠনিক সংকট চলছে। একাধিক সাংসদ দল ছেড়েছেন এবং কিছু বিধায়কও বিদ্রোহের পথে হাঁটছেন। এই পরিস্থিতিতে দলের প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা এখনও স্পষ্ট নয়। ফলে ভবিষ্যতের আইনি জটিলতা এড়াতে আপাতত সমস্ত আর্থিক লেনদেন বন্ধ রাখা প্রয়োজন বলেই তিনি মত প্রকাশ করেন। অরূপের সেই চিঠিকে সমর্থন করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। (TMC Bank Account Freeze)
তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে চাপানউতোর
গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূলের অন্দরে দলীয় তহবিল পরিচালনার অধিকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের মধ্যে মতপার্থক্য সামনে এসেছে। কার কাছে দলীয় তহবিলের নিয়ন্ত্রণ থাকবে তা নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।(TMC Bank Account Freeze)
দলীয় তহবিলের উপর এই বিধিনিষেধের জেরে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দলের শীর্ষ নেতৃত্ব আগামী দিনে সাংগঠনিক খরচ, রাজনৈতিক কর্মসূচি এবং উচ্চব্যয়ের সফরগুলি কীভাবে পরিচালনা করবেন। বিরোধীদের একাংশ ইতিমধ্যেই দাবি করতে শুরু করেছে যে এতদিন যে বিপুল আর্থিক সংস্থানকে ভর করে দলের কার্যক্রম চলত, সেই পথ সংকুচিত হলে নেতৃত্বের উপরও চাপ বাড়বে। এবার দলের শীর্ষ নেতৃত্বের উপর এর কি প্রভাব পড়ে, সেটাই দেখার।


