Aaj India Desk , উত্তর ২৪ পরগনা : প্রচারে নেমে এবার বিজেপি প্রার্থী তথা অভয়ার মা রত্না দেবনাথের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “যাঁরা মৃত্যুকে ঘিরে রাজনীতি করেন, মাটিকে কলুষিত করেন, মানুষ তাঁদের কখনও ক্ষমা করবে না।” একইসঙ্গে অভয়ার মায়ের কাছে তিনি একটি বিশেষ অনুরোধও জানান।
অভিষেকের এই মন্তব্যের পরই পাল্টা প্রতিক্রিয়া দেন অভয়ার মা। তিনি সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কে আক্রমণ করেন বলে জানা গেছে।
এর পাশাপাশি তৃণমূল সেনাপতি অভিষেক স্পষ্টভাবে আবেদন জানান, বিজেপি প্রার্থী তথা অভয়ার মাকে নিয়ে যেন কোনও ব্যক্তিগত আক্রমণ বা অশালীন মন্তব্য না করা হয়। দলের কর্মীদের উদ্দেশে হাতজোড় করে অনুরোধ করে তিনি বলেন, ভদ্রতার সীমা অতিক্রম করে কেউ যেন কোনও প্রার্থীকে আঘাত না করেন। তৃণমূল এমন রাজনীতিকে সমর্থন করে না বলেও জানান তিনি।
আর জি কর ঘটনার প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ যাঁকে গ্রেফতার করেছিল, সেই সঞ্জয় রায়কে এখনও পর্যন্ত শাস্তির মুখে আনা যায়নি বলে তিনি দাবি করেন। তাঁর কথায়, সেই কারণেই তদন্ত দীর্ঘদিন ধরে টানাপোড়েনে চলছে।এরপর তিনি বিজেপি প্রার্থীকে উদ্দেশ করে বলেন, ২৪ তারিখ এলাকায় প্রধানমন্ত্রী আসতে পারেন বলে তিনি শুনেছেন। সেই প্রসঙ্গ তুলে তাঁর অনুরোধ, যদি সত্যিই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে হয়, তাহলে যেন প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখা হয় এবং রাষ্ট্রপতিকে সংশ্লিষ্ট বিলে সম্মতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়, যাতে “অপরাজিতা বিল” দ্রুত কার্যকর হতে পারে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভয়ার মা। তিনি বলেন, “অপরাজিতা বিলটা আমার কাছে যথেষ্ট নয় বলেই মনে হয়েছে। কারণ সেখানে অনেক গুরুত্বপূর্ণ দিকই অনুপস্থিত। আমার মেয়ের মৃত্যুর পর যে তথ্য-প্রমাণ নষ্ট হয়েছে বা লোপাট হয়েছে, তার কোনও স্পষ্ট উল্লেখ আমি সেই বিলে দেখিনি। তাহলে আমি প্রধানমন্ত্রীকে সেই বিষয়টা কেন বলব?” তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “এরপর আর নতুন করে কিছু বলার নেই। যা কটূক্তি হওয়ার, তা তো হয়েই গিয়েছে। এখন আর বলার মতো কিছু বাকি নেই। আমার একটাই প্রশ্ন একটা হাসপাতালের মতো নিরাপদ জায়গায়, যেটা আমার মেয়ের দ্বিতীয় বাড়ি হওয়ার কথা ছিল, সেখানে এই ঘটনা ঘটল কীভাবে? আগে এই প্রশ্নের উত্তর দেওয়া হোক, তারপর অন্য সব কথা।”
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অভয়ার মা অভিযোগের সুরে বলেন, “সবচেয়ে আগে দ্রুত তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে বলেই আমার মনে হয়। বিনীত গোয়েল, মুরলিধর শর্মা এদের মতো উচ্চপদস্থ অফিসারদের সেখানে পাঠানো হয়েছে, নাকি পাঠানো হয়েছিল, সেটা নিয়েও প্রশ্ন আছে।”তিনি আরও বলেন, “সঞ্জয় রায়ই একমাত্র প্রকৃত অপরাধী কি না, সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে। কারণ যে তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সেই একই তথ্য যদি অন্যভাবে দেখা হয়, তাহলে আরও অনেকের নামও সামনে আসতে পারত।”


