Aaj India Desk, কলকাতা: রাজ্য রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে প্রাক্তন কলকাতা মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পর হাসপাতালে গিয়ে তাঁর খোঁজ নিয়েছিলেন শোভন। সেই ঘটনাকে ঘিরে নানা রাজনৈতিক বার্তা খুঁজতে শুরু করেছিলেন অনেকেই।
আর এবার শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে একমঞ্চে দেখা যাওয়ায় নতুন করে শুরু হয়েছে জল্পনা।সম্প্রতি একটি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়। অনুষ্ঠানে তাপস রায়কে জন্মদিনের শুভেচ্ছা জানান শোভন। একসঙ্গে কেক কাটেন, বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় তাঁদের। সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূলের অন্দরে কি নতুন কোনও সমীকরণ তৈরি হচ্ছে? নাকি এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ?রাজনৈতিক মহলের একাংশের মতে, গত কয়েক মাসে শোভনের একাধিক পদক্ষেপ নতুন করে কৌতূহল তৈরি করেছে।
বিজেপি ছেড়ে ২০২৫ সালে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তিনি তৃণমূলে ফিরেছিলেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো এবং এখন তাপস রায়ের সঙ্গে প্রকাশ্যে দেখা যাওয়ায় নানা ব্যাখ্যা সামনে আসছে।
তবে এই জল্পনায় আপাতত জল ঢেলেছেন স্বয়ং শোভন চট্টোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, এখনই কারও হাত ধরা বা হাত ছাড়ার প্রশ্ন ওঠে না। তিনি বলেন, সময় এলে সব প্রশ্নের উত্তর দেবেন। তাপস রায়ের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে শোভনের দাবি, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সৌজন্য। বহু বছরের পরিচয়ের সম্পর্ক থেকেই তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
তবে রাজনীতিতে সৌজন্য আর সমীকরণের ফারাক অনেক সময় খুবই সূক্ষ্ম। তাই শোভনের এই সাম্প্রতিক পদক্ষেপকে ঘিরে জল্পনা আপাতত থামছে না। আগামী দিনে তিনি কোন রাজনৈতিক পথে হাঁটবেন, সেদিকেই এখন নজর রাজ্যের রাজনৈতিক মহলের।


