23 C
Kolkata
Friday, November 27, 2026
spot_img

বিরোধী দলনেতার চেয়ার ফাঁকা! শীতকালীন অধিবেশনে কি ইতিহাস তৈরি হতে চলেছে বিধানসভায়?

Aaj India Desk, কলকাতা: বিরোধী দলনেতা ছাড়াই কি শুরু হবে বিধানসভার (Legislative Assembly) শীতকালীন অধিবেশন? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার তৈরি হয়েছে এক নজিরবিহীন পরিস্থিতি। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশে আপাতত বিরোধী দলনেতার পদ খালি। আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে ঠিক করতে হবে, এই পদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) থাকবেন, নাকি অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। কিন্তু তার আগেই ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। ফলে প্রশ্ন উঠছে, বিরোধী দলনেতা ছাড়াই কি এবার অধিবেশন চালাতে হবে?

আদালতের নির্দেশ অনুযায়ী, স্পিকারের হাতে এখন মূলত দুটি পথ খোলা রয়েছে। প্রথমত, আগামী ১০ দিনের মধ্যে তিনি নিজের সিদ্ধান্তে নতুন করে বিরোধী দলনেতা নির্বাচন করতে পারেন। দ্বিতীয়ত, দুই শিবিরের মধ্যে কার সমর্থনে বেশি বিধায়ক রয়েছেন, তা জানতে আস্থা ভোটের ব্যবস্থা করতে পারেন। দ্বিতীয় পথ বেছে নিলে ৪ ডিসেম্বর অধিবেশন শুরুর পরেই বিশেষ নির্দেশিকা জারি করে আস্থা ভোট করাতে হতে পারে। যে শিবির বেশি বিধায়কের সমর্থন পাবে, তাদের নির্বাচিত ব্যক্তিই বিরোধী দলনেতার দায়িত্ব পেতে পারেন।

কীভাবে তৈরি হল এই পরিস্থিতি?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূলের অন্দরে টানাপোড়েন শুরু হয়। মমতা তৃণমূলের তরফে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম সামনে আনা হয়। অন্যদিকে, বিদ্রোহী শিবিরের বিধায়কেরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিজেদের নেতা হিসেবে বেছে নেন।

দুই পক্ষের দাবি খতিয়ে দেখে স্পিকার ঋতব্রতকে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর করা মামলাতেই স্পিকারের আগের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। ফলে আপাতত বিরোধী দলনেতার পদটি শূন্য হয়ে গিয়েছে।

এদিকে, আগামী ৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বিধানসভার শীতকালীন অধিবেশন। আদালতের নির্দেশ মেনে স্পিকারকে ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। ফলে অধিবেশন শুরুর আগে এই জট কাটবে কি না, তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সবচেয়ে বড় বিষয়, দুই শিবিরের কোনওটির হাতেই বিধানসভায় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই বলে দাবি করা হচ্ছে। তাই আস্থা ভোটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত স্পিকার কোন পথ বেছে নেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বিরোধী দলনেতা ছাড়াই যদি শীতকালীন অধিবেশন শুরু হয়, তাহলে সাম্প্রতিক বিধানসভার ইতিহাসে তা হবে এক অত্যন্ত বিরল ঘটনা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন