Aaj lndia Desk,কলকাতা: দিল্লিতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের মধ্যে নেতৃত্ব নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। প্রথমদিকে মনে করা হচ্ছিল, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারই (Kakoli Ghosh Dastidar) এই ব্লকের মুখ্য মুখ হবেন। কিন্তু সাম্প্রতিক সেই সমীকরণ বদলাতে চলেছে ।
সূত্রের দাবি, বিদ্রোহী সাংসদদের নতুন ব্লকের নেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay) এর নাম প্রায় চূড়ান্ত। তিনি সাতবারের সাংসদ হওয়ায় অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই এগিয়ে। একই সঙ্গে উপ-দলনেতা হিসেবে শতাব্দী রায়ের নামও সামনে এসেছে।
শনিবার কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শতাব্দী রায়।অনেকের মতে, এই বৈঠকই নেতৃত্ব পরিবর্তনের জল্পনাকে আরও জোরালো করেছে। জানা গিয়েছে, রবিবার দিল্লিতে বিদ্রোহী সাংসদদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র সঙ্গেও তাঁদের আলোচনা হতে পারে। সেখানেই নেতৃত্ব ও পদ বণ্টনের বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগে ঠিক হয়েছিল, কাকলি ঘোষ দস্তিদার বিদ্রোহী ব্লকের মুখ্য সচেতক হিসেবে সাংসদদের স্বাক্ষর সংগ্রহ করে লোকসভার স্পিকারের কাছে চিঠি জমা দেবেন। তবে বিদ্রোহী শিবিরের একাংশের দাবি, তাঁরা কাকলিকে নেতা হিসেবে মানতে রাজি নন। এরপরই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসে। বর্তমানে লোকসভায় তৃণমূলের মোট ২৮ জন সাংসদ রয়েছেন। তাঁদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, সৌগত রায় ও মহুয়া মৈত্র এখনও এই নতুন ব্লকে যোগ দেননি বলে জানা গিয়েছে। অর্থাৎ বাকি ২০ জন সাংসদ বিদ্রোহী শিবিরের সঙ্গে রয়েছেন বলে দাবি করা হচ্ছে।
সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার পরই পুরো ছবিটা পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।


