Aaj lndia Desk,কলকাতা: কাজের খোঁজে বহু বছর ধরে ঘর-সংসার ছেড়ে ভিনরাজ্যে পাড়ি দিয়েছেন বাংলার অসংখ্য মানুষ।এবার সেই পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে রাজ্যে ফেরার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উত্তরবঙ্গ সফরে গিয়ে তাঁর বার্তা, সরকার এখনও নতুন হলেও ধীরে ধীরে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। তাই পরিযায়ী শ্রমিকদের এবার বাংলায় ফিরে আসার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, কর্মসংস্থানের অভাবের কারণেই বহু মানুষকে কাজের সন্ধানে অন্য রাজ্যে যেতে হয়েছে। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র ১০ সপ্তাহ হয়েছে। তাই পরিকল্পনাগুলি বাস্তবায়নের জন্য কিছুটা সময় প্রয়োজন। তাঁর আশ্বাস, সরকারি স্তরে নতুন কর্মসংস্থানের কাজ শুরু হবে এবং ধাপে ধাপে আরও সুযোগ তৈরি করা হবে।
সম্প্রতি গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মৎস্যজীবীদের পরিবারের পাশে দাঁড়াতেই উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত প্রত্যেক মৎস্যজীবীর পরিবারকে ২১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। শুধু আর্থিক সহায়তাই নয়, প্রতিটি পরিবার থেকে একজন সদস্যকে হোমগার্ড অথবা সিভিক ভলান্টিয়ারের চাকরিও দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এদিন পূর্ববর্তী রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দু অধিকারী ওবিসি সংক্রান্ত জটিলতার কথাও তুলে ধরেন। তাঁর দাবি, আগের সরকারের নীতির কারণে ওবিসি সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছিল। বর্তমান সরকার বিধানসভায় নতুন আইন এনে সেই জট কাটিয়েছে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
প্রান্তিক ও শ্রমজীবী মানুষদের উদ্দেশেও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সবাইকে দ্রুত জব কার্ড করার আবেদন জানান। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ প্রকল্পের আওতায় জব কার্ডধারীরা ১২৫ দিনের কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে নিয়ম শিথিল করায় আরও বেশি মানুষ কর্মসংস্থানের আওতায় আসবেন বলেও জানান তিনি।
শুধু কর্মসংস্থান নয়, শিল্প ও চা-বাগান নিয়েও একাধিক বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ৩০ একর জমি বরাদ্দ করা হয়েছে আমুলের দুটি আইসক্রিম কারখানা গড়ার জন্য। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকা ১২টি চা বাগান ফের চালু করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরার ডাক, নতুন কাজের আশ্বাস, শিল্পে বিনিয়োগ এবং বন্ধ চা বাগান খোলার পরিকল্পনা উত্তরবঙ্গ সফর থেকে একাধিক ঘোষণায় রাজ্যের কর্মসংস্থান নিয়ে নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


