35.8 C
Kolkata
Saturday, June 27, 2026
spot_img

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই অ্যাকশনে পুরসভা! নির্মাণ অডিটে হাই পাওয়ার কমিটি!

Aaj India Desk, কলকাতা : তারাতলার নির্মাণ বিপর্যয়ের পর কলকাতা ও সংলগ্ন এলাকায় নির্মাণ নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করলো প্রশাসন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই তৎপর পুরসভা (Kolkata Municipal Corporation) দ্রুত একটি হাই পাওয়ার কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসন সূত্র অনুযায়ী, শহরের নির্মীয়মাণ ভবনগুলির বিশেষ অডিট করার জন্যই এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার প্রশাসক, কলকাতা পুলিশ কমিশনার-সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের উপস্থিতিতে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে জানানো হয় যে কমিটি প্রথমে নির্মাণ নিরাপত্তা সংক্রান্ত SOP তৈরি করবে। সেই SOP কার্যকর হওয়ার পর আগামী সপ্তাহ থেকে কলকাতার ১৪৪টি ওয়ার্ডে নির্মীয়মাণ বহুতল এবং অন্যান্য নির্মাণ প্রকল্পে বিশেষ অডিট চালানো হবে।

কমিটিতে থাকছেন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ

১১ সদস্যের এই হাই-পাওয়ার কমিটিতে প্রশাসনের পাশাপাশি আইআইটি-সহ বিভিন্ন প্রযুক্তিগত সংস্থার বিশেষজ্ঞ, রেলওয়ে ও সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিদের রাখা হয়েছে। নির্মাণস্থল পরিদর্শন করে নিরাপত্তা সংক্রান্ত সুপারিশ জমা দেবেন তাঁরা। পুরসভার (Kolkata Municipal Corporation) বিশেষ অডিট কমিটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডে। সদস্য হিসেবে রয়েছেন খলিল আহমেদ-সহ বিভিন্ন দফতরের আধিকারিক এবং বিশেষজ্ঞরা।কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ বলেন,”পরবর্তী কালে যাতে এই ধরনের বিপর্যয় না ঘটে, তার জন্য SOP কীভাবে গঠন করা হবে এবং নির্মাণ অডিটের জন্য কমিটি তৈরি করা হয়েছে। এখন নির্মাণকাজ বন্ধ রয়েছে। আইআইটি এবং রেলওয়ের বিশেষজ্ঞরাও থাকছেন। তাঁরা নির্মাণ ক্ষেত্র পরিদর্শন করে SOP তৈরি করবেন।”

কোন কোন নির্মাণে হবে বিশেষ নজর?

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় বেসরকারি বাণিজ্যিক নির্মাণকাজ স্থগিত থাকবে। বিশেষ করে G+5 বা তার বেশি উচ্চতার নির্মীয়মাণ ভবনগুলির বাধ্যতামূলক অডিট করা হবে। পাশাপাশি পূর্ববর্তী সরকারের আমলে অনুমোদিত বিল্ডিং প্ল্যানগুলিও খতিয়ে দেখা হবে। বাণিজ্যিক বহুতলে দমকলের পৃথক নিরাপত্তা অডিটও করা হবে। অডিটে অনিয়ম ধরা পড়লে বিল্ডিং প্ল্যান বাতিল, সম্পত্তি বাজেয়াপ্ত, দায়ীদের ব্ল্যাকলিস্ট, এফআইআর এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে ঘুষ বা কাটমানির অভিযোগ মিললেও সরাসরি এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ধসে বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তে নির্মাণ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি ও নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন সামনে আসায় রাজ্য সরকার নির্মাণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন