নয়াদিল্লি: প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারের (Shoaib Akhtar) বাড়িতে পহেলগাঁও হামলার মূলচক্রী কি করছে? সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তোলপাড় নেটপাড়া! জানা গিয়েছে, গত ২৪ জুন শোয়েব আখতারের দাদাশাহিদ আখতার মারা যান। আর তাঁর জানাজার অনুষ্ঠানে লস্কর-ই তৈবার একাধিক শীর্ষ নেতাকে দেখা যায়। ভাইরাল ভিডিওতে লস্কর-ই-তৈবার (Lasker-E-Taiba) ডেপুটি চিফ তথা ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের অন্যতম সইফউল্লাহ কাসুরিকে দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে।
ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির মতে, ২০২৫ সালের পহেলগাঁও জঙ্গি হামলার অন্যতম মূলচক্রী এই কাসুরি। তাঁর পাশাপাশি ইসলামাবাদের H-8 কবরস্থানে অনুষ্ঠিত শেষকৃত্যে উপস্থিত ছিলেন ইনাস উর রহমানও। তিনি পাকিস্তান মার্কাজি মুসলিম লিগ (পিএমপিএল)-এর সভাপতি, যে দলকে লস্কর-ই-তৈবার রাজনৈতিক শাখা বলে মনে করা হয়।
উল্লেখযোগ্যভাবে, রাষ্ট্রসঙ্ঘ ঘোষিত জঙ্গি হাফিজ সইদের উদ্যোগেই পিএমপিএল গঠিত হয়েছিল। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে জামাত-উদ-দাওয়া (জেইউডি) এবং মিল্লি মুসলিম লিগ (এমএমএল)-এর বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এই সংগঠন তৈরি করা হয়। এমনকি ২০২৪ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনেও অংশ নিয়েছিল পিএমপিএল। শোয়েব আখতারের (Shoaib Akhtar) ভাই শাহিদ আখতারের জানাজায় লস্কর-ই-তৈবার (Lasker-E-Taiba) ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েকজন নেতার উপস্থিতির দাবি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচকদের একাংশের দাবি, পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বা তাদের ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রকাশ্যে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিতি সে দেশের সন্ত্রাসবাদ দমনের অবস্থান নিয়ে ফের প্রশ্ন তুলছে। তাঁদের মতে, এমন ঘটনা আন্তর্জাতিক মহলেও পাকিস্তানের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা উসকে দিতে পারে। তবে এই ঘটনায় পাকিস্তান সরকার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।


