Aaj India Desk, নয়াদিল্লি: কলকাতা পুরসভা (KMC) ও হাওড়া (Hawrah) মিলিয়ে অ্যাপেলেট ট্রাইব্যুনালে এখনও ২ লক্ষ ২৯ হাজার ৬০টি মামলা বিচারাধীন। তার মধ্যে এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়েছে মাত্র ৫ হাজার ৪৮৫টি মামলা। সুপ্রিম কোর্টে (Supreme Court) এসআইআর (SIR) মামলায় হলফনামা দিয়ে এমনই তথ্য জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
দুর্গাপুজোর পর কলকাতা ও হাওড়ায় পুরসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই পরিস্থিতিতে ওই দুই পুর এলাকার সব ভোটার ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। এর মধ্যেই ট্রাইব্যুনালে জমে থাকা মামলার এই পরিসংখ্যান সামনে এল।
প্রশ্ন উঠছে, মাত্র দুমাসের মধ্যে এত বিপুল সংখ্যক আবেদন কীভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে? কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গোটা পশ্চিমবঙ্গে মোট ৩৮ লক্ষ ২০ হাজার ৬৮৩টি আবেদন জমা পড়েছে। এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ১ লক্ষ ২ হাজার ২৩১টি আবেদন। অর্থাৎ মোট আবেদনের মাত্র ২.৬৮ শতাংশের নিষ্পত্তি হয়েছে।
কমিশন জেলা ভিত্তিক আবেদন, নিষ্পত্তি এবং বিচারাধীন মামলার সংখ্যাও জানিয়েছে। তবে ভোটার তালিকায় নাম যোগ বা বাদ দেওয়ার জন্য ঠিক কতগুলি আবেদন জমা পড়েছে, সেই হিসেব আলাদা করে জানানো হয়নি।
এর আগে গত ১১ অগস্ট প্রধান বিচারপতির বেঞ্চ নির্বাচন কমিশনকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। ট্রাইব্যুনালে কতগুলি মামলা এখনও বিচারাধীন, কতগুলি নিষ্পত্তি হয়েছে এবং কী ধরনের আবেদন জমা পড়েছে—সব তথ্যই রিপোর্টে জানানোর কথা বলা হয়। পাশাপাশি, নিষ্পত্তি হওয়া মামলাগুলির ভিত্তিতে ভোটার তালিকায় প্রয়োজনীয় পরিবর্তন করা হচ্ছে কি না, সেটাও জানতে চেয়েছিল শীর্ষ আদালত।
শুনানিতে আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ কলকাতা ও হাওড়ার আবেদনগুলিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত শুনানির আবেদন জানান। প্রধান বিচারপতির বেঞ্চও জানায়, প্রয়োজন হলে অ্যাপেলেট ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হতে পারে।


