কলকাতা: শুক্রবার নিউটাউনের কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গের বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচি ঘিরে শুক্রবার তৈরি হল রাজনৈতিক বিতর্ক। নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের মাঝপথেই ওয়াকআউট করেন ‘মমতাপন্থী’ তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন দলের বিধায়করা।
অনুষ্ঠান চলাকালীনই হঠাৎ বেরিয়ে যান কুণাল ঘোষ (Kunal Ghosh), যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। অনুষ্ঠান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, তিনি গোটা অনুষ্ঠান বয়কট করেননি। তাঁর কথায়, অনুষ্ঠানের কয়েকজন বক্তার বক্তব্য তাঁর পছন্দ হয়নি। তাই প্রতিবাদস্বরূপ তিনি মাঝপথেই বেরিয়ে আসেন। এরপর সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন কুণাল।
তিনি (Kunal Ghosh) লেখেন, “আমার কর্তব্য ছিল আজ বিধানসভার অধ্যক্ষ আয়োজিত বিধায়কদের কর্মশালায় উপস্থিত থাকা। বন্দেমাতরম, জনগণমন, প্রদীপ প্রজ্জ্বলন পর্যন্ত ছিলাম। আমি লোকসভা, বিধানসভার অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীর চেয়ারকে সম্মান করি। কিন্তু এটা আমার সিদ্ধান্ত যে আমি কিছু ব্যক্তির বক্তব্য শুনব কি না। আমি ঠিক করলাম, শুনব না। এটা আমার সিদ্ধান্ত, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে এসেছি।”
X Link: https://x.com/KunalGhoshAgain/status/2072941412459635169
এরপর কুণাল (Kunal Ghosh) লেখেন, “লোকসভার অধ্যক্ষ সম্মানীয়। কিন্তু তিনি তৃণমূলের দল ভাঙানোর চেষ্টার সাংসদদের বরখাস্ত করার বদলে ছাড় দিচ্ছেন। রাজ্যের অধ্যক্ষকে সম্মান করি, কিন্তু তিনি নিরপেক্ষ কাজ করছেন বলে অনুভব করছি না। আগের দিন আমাকে অন্যায়ভাবে বলতে দেওয়া হয়নি। আমি ওঁদের মুখে নীতিকথা শুনব না।” কুণালের এই ওয়াকআউট এবং পরবর্তী মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।


