27.3 C
Kolkata
Saturday, July 25, 2026
spot_img

৪ সপ্তাহ পর ফের কেন্দ্রের সঙ্গে বৈঠক, কী জানাল সিজেপি?

Aaj India Desk,নয়াদিল্লি: কেন্দ্রের সঙ্গে আপাতত সংঘাতের ইতি। দীর্ঘ আন্দোলনের পর বড় সাফল্যের দাবি করে যন্তর মন্তর থেকে অবস্থান প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (CJP)। শনিবার কেন্দ্রের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানায় সংগঠন। একইসঙ্গে জানানো হয়েছে, চার সপ্তাহ পর ফের সরকারের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা।

এই বৈঠকের কয়েক ঘণ্টা আগেই বড় রাজনৈতিক পদক্ষেপ দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীদের তিনটি মূল দাবির মধ্যে একটি ছিল তাঁর ইস্তফা। সেই দাবি পূরণ হওয়ার খবর সামনে আসতেই যন্তর মন্তরে আন্দোলনকারীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সিজেপির সদস্যদের পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়ারাও আনন্দ প্রকাশ করেন।

এরপর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপির দুই প্রতিনিধির বৈঠক হয়। দীর্ঘ আলোচনার পর যৌথ সাংবাদিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়। সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, সরকারের আশ্বাসের উপর ভরসা রেখে আপাতত আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি জানান, আজ থেকে ঠিক চার সপ্তাহ পরে ফের কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসে প্রতিশ্রুতিগুলির অগ্রগতি পর্যালোচনা করা হবে।

বৈঠকের পর জেপি নাড্ডা বলেন, আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-যুবকদের বিরুদ্ধে কোনও নতুন আইনি ব্যবস্থা নেওয়া হবে না। ইতিমধ্যেই দিল্লি পুলিশের দায়ের করা এফআইআরগুলিও পুনর্বিবেচনা করা হবে। ভবিষ্যতে শুধুমাত্র আন্দোলনে অংশ নেওয়ার কারণে কারও বিরুদ্ধে মামলা না করার আশ্বাসও দেন তিনি।

আন্দোলনকারীদের আরেকটি বড় দাবি ছিল নিট-কাণ্ডে মৃত পড়ুয়াদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া। সেই প্রসঙ্গে নাড্ডা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি কেন্দ্র সরকারের পূর্ণ সহানুভূতি রয়েছে। সমস্ত নিয়ম মেনে ক্ষতিপূরণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। একইসঙ্গে দেশের শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ করবে বলে আশ্বাস দেন তিনি।

এদিন সাংবাদিক বৈঠকে দিল্লির আন্দোলনকে ঘিরে ওঠা দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ নিয়েও স্পষ্ট অবস্থান নেয় সিজেপি। সংগঠনের প্রতিনিধিরা জানান, যাঁরা হিংসা বা রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত, তাঁদের সঙ্গে সিজেপির কোনও সম্পর্ক নেই। এই ধরনের কর্মকাণ্ডকে দল কোনওভাবেই সমর্থন করে না।

অন্যদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর সামনে আসতেই যন্তর মন্তরে সহ-আন্দোলনকারীদের নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন অভিজিৎ দীপকে। তাঁর কথায়, “অনেকে বলতেন এই সরকারের আমলে কোনও মন্ত্রী পদত্যাগ করেন না। কিন্তু মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন যে পরিবর্তন আনতে পারে, আজ তারই প্রমাণ মিলেছে।”

পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, এই সিদ্ধান্ত ব্যক্তিগত মর্যাদার প্রশ্ন নয়। আন্দোলনের সুযোগ নিয়ে কোনও রাষ্ট্রবিরোধী শক্তি যাতে পরিস্থিতির অপব্যবহার করতে না পারে এবং পড়ুয়াদের ভবিষ্যৎ আইনি জটিলতায় না জড়ায়, সেই বিষয়টি মাথায় রেখেই তিনি মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন