Aaj India desk, কলকাতা: সুব্রতর পরে মনোজ। সুষ্ঠু নির্বাচন করানোর পুরষ্কার পেলেন দুজনেই ?সোমবার রাজ্যের শীর্ষ আমলাদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম বৈঠকে নবান্নে দেখা গেছিল মুখ্য নির্বাচন আধিকারিক তথা সিনিয়র আইএএস অফিসার মনোজ আগরওয়ালকে (Manoj Agarwal)। মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন তিনি। ফলে দানা বেঁধেছিল কৌতূহল। সব কৌতূহলের নিরসন হল এবার। মুখ্যসচিব হলেন নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
রহস্য কোথায় দানা বাঁধছিল?
আজ নতুন সরকারের প্রথম কাজের দিনে মন্ত্রীসভার প্রথম বৈঠক বসে নবান্নে। সেখানেই দেখা যায় মনোজকে (Manoj Agarwal)। বিধানসভা ভোট চলাকালীন অনেকের ধারণা ছিল, ভোটের পর রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক হতে পারেন মনোজ আগরওয়াল। কারণ যোগ্য হওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মুখ্যসচিব করেননি। সরকার বদলালে অবশ্যই তাঁর সুযোগ থাকবে। অন্যদিকে নির্বাচন পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে (Subrata Gupta) নিয়েও একই জল্পনা চলছিল। ভোটের আগে জল্পনা ছিল বিজেপি সরকার গড়লে তিনি কোনও একটি পদ পেতেই পারেন। সেই জল্পনা সত্যি করে তাঁকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে।
সুব্রতর পথে মনোজ
শান্তিপূর্ণ ও রক্তপাতহীন বিধানসভা ভোট করিয়ে দুজনেই সাধারণ মানুষের প্রশংসা পেয়েছেন। এবারের নির্বাচনে জনগন স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। ভোটের ফলে তার প্রভাব দেখা যায়। বিপুল জনসমর্থন নিয়ে পরিবর্তন হয় রাজ্যে। সুব্রত ইতিমধ্যেই উপদেষ্টা পদ পেয়েছেন। সিনিয়র আইএএস অফিসার হিসাবে মনোজ আগরওয়ালের (Manoj Agarwal) চাকরির মেয়াদ এখনও রয়েছে। অনেকের ধারণা ছিল মনোজ আগরওয়ালকে রাজ্যের মুখ্য সচিব করে দেওয়া হতে পারে। মনোজ আইএএস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তিনি নিজেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, বা মুখ্যমন্ত্রীও তাকে ডাকতে পারেন। তবে সেসব জল্পনা এখন অতীত। নতুন মুখ্য সচিব হলেন মনোজ আগরওয়াল। সুষ্ঠু নির্বাচন এস আই আর এবং তার ফলে সরকারের পরিবর্তন যে তাতে একটি বড় ভূমিকা নিয়েছে এতে কোনো সন্দেহ নেই।


