29.7 C
Kolkata
Friday, July 24, 2026
spot_img

সাসপেনশনের ঝড়ে বদল নেতৃত্ব! কালীঘাট তৃনমূলের নতুন উপ দলনেতা সৌগত!

Aaj India Desk, কলকাতা : লোকসভার বাদল অধিবেশন যখন একের পর এক বিতর্ক, বিক্ষোভ এবং সাংসদ সাসপেনশনের ঘটনায় উত্তপ্ত, ঠিক সেই সময়েই সংসদে নিজেদের সাংগঠনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল তৃণমূল কংগ্রেস। কালীঘাট শিবিরের পক্ষ থেকে দলের নতুন উপ দলনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে প্রবীণ সাংসদ অধ্যাপক সৌগত রায়কে (Sougata Roy)। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন এবং দলীয় ভাঙনের আবহে এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, অধ্যাপক সৌগত রায়ের (Sougata Roy) দীর্ঘ সংসদীয় ও প্রশাসনিক অভিজ্ঞতা সংসদীয় দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দনও জানানো হয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে বিভাজনের পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী কালীঘাট শিবির, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী শিবির। সেই প্রভাব লোকসভার সংসদীয় দলেও পড়েছে। ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জন বিদ্রোহী শিবিরে যোগ দেন বলে দাবি করা হচ্ছে। পরবর্তী সময়ে ওই সাংসদদের একটি অংশ এনসিপিআই (NCPI) নামে নতুন রাজনৈতিক দলে যোগ দেন। দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এই রাজনৈতিক পরিবর্তন ঘটে। যদিও এনডিএ-তে যোগদানের বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।

এরই মধ্যে মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার, কুরুচিকর মন্তব্য এবং অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার চলতি বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। প্রথমে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। অভিযোগে বলা হয়, মহিলা সাংসদদের উদ্দেশে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করেছেন, যা সংসদের মর্যাদার পরিপন্থী। পরে আর এক এনসিপিআই সাংসদ মিতালী বাগের সঙ্গেও বচসার সময় তাঁর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ ওঠে। একাধিক অভিযোগ সামনে আসার পর বিষয়টি বিবেচনা করে লোকসভার পক্ষ থেকে সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই পরিস্থিতিতে সৌগত রায়ের (Sougata Roy) উপ দলনেতা হিসেবে দায়িত্ব গ্রহণ সংসদে কালীঘাট শিবিরের কৌশল ও সাংগঠনিক অবস্থানকে কীভাবে প্রভাবিত করে, সেদিকে রাজনৈতিক মহলের নজর থাকবে। একই সঙ্গে বিদ্রোহী সাংসদদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও জল্পনা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন