কলকাতা: তৃণমূল ভবনের (Trinamool Bhavan) ‘দখল’ নিয়েছেন ‘ঋতব্রত-পন্থী’রা। সরিয়ে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো পোস্টারও। নতুন পোস্টারে দলের চেয়ারপার্সন হিসেবে নাম রয়েছে অরূপ রায়ের। শুক্রবার সন্ধ্যায় ই এম বাইপাস সংলগ্ন মেট্রোপলিটনে তৃণমূল ভবন ঘিরে ঘটনার ঘনঘটা।
ঋতব্রতদের বৈঠক শেষ হতেই সেখানে পৌঁছে যান ‘কালীঘাট-পন্থী’ তৃণমূলের মুখ তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। কিন্তু কার্যালয়ে পৌঁছেও ভিতরে ঢুকতে পারলেন না কুণাল ঘোষ ও তাঁর অনুগামীরা। কারণ, কার্যালয়ের (Trinamool Bhavan) মূল দরজায় তালা ঝুলতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় রাজনৈতিক মহলে।
কার্যালয়ে প্রবেশ করতে না পেরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে তীব্র কটাক্ষ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করে বলেন, “যাঁরা আজ এখানে এসেছেন, তাঁরা কি নির্দল প্রতীকে জিতেছেন? আমরা কোনও দায়িত্বজ্ঞানহীন কাজ করব না।”
কুণালের (Kunal Ghosh) অভিযোগ, এই পরিস্থিতিতে দলের সাধারণ কর্মীরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। তাঁর কথায়, “কর্মীরা কষ্ট পাচ্ছেন। আর এদিকে এঁরা হোটেলে যাচ্ছেন, বিজেপি নেতাদের বাড়ি যাচ্ছেন।” প্রসঙ্গত, এদিনই ঋতব্রত শিবির দাবি করে যে মেট্রোপলিটন ভবনের মালিকদের সঙ্গে তাঁদের চুক্তি সম্পন্ন হয়েছে এবং শনিবার থেকে ওই কার্যালয় (Trinamool Bhavan) থেকেই সংগঠনের কাজ পরিচালনা করা হবে। সেই দাবির পরই কুণাল ঘোষের এই প্রতিক্রিয়া তৃণমূলের অন্দরের দ্বন্দ্বকে আরও প্রকাশ্যে এনে দিল।
তৃণমূল ভবনকে ঘিরে দুই শিবিরের পাল্টাপাল্টি দাবি ও রাজনৈতিক চাপানউতোরের জেরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। বিষয়টি নিয়ে আগামী দিনে আরও আইনি ও রাজনৈতিক লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।


