Aaj India Desk, কলকাতা: মহালয়ার দিন ইডেন গার্ডেনে (Eden Gardens) বড়সড় অনুষ্ঠানের আয়োজন করছে রাজ্য সরকার। তবে এই অনুষ্ঠানে থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah) ইডেনের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে জানা গিয়েছে। যদিও তাঁদের অনুপস্থিতিতে অনুষ্ঠান বাতিল করা হচ্ছে না। কিছুটা পরিবর্তন আনা হলেও নির্ধারিত সূচি মেনেই মহালয়ার অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানে থাকার কথা রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের। মুখ্যমন্ত্রীর দফতর থেকে রাজ্যের সব মন্ত্রীকে ওই দিন অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সাংস্কৃতিক জগতের একাধিক পরিচিত শিল্পীরও অনুষ্ঠানে থাকার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সাজিয়ে তোলা হচ্ছে রেড রোড এবং ইডেন গার্ডেন এলাকা। কলকাতার বিভিন্ন জায়গাতেও চলছে আলোকসজ্জার কাজ। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে অনুষ্ঠানে বিশেষ ড্রোন শো এবং লেজার শো রাখার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী না থাকায় অনুষ্ঠানের আকর্ষণ কিছুটা কমেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে রাজ্য সরকারের তরফে অনুষ্ঠানে কোনও খামতি রাখতে চাইছে না। সাংস্কৃতিক অনুষ্ঠান, আলো এবং নানা আয়োজনের মাধ্যমে মহালয়ার দিনটিকে বিশেষ করে তোলার প্রস্তুতি চলছে।
জানা গিয়েছে, কলকাতার পাঁচটি ঘাটে ভোরবেলা মাইকে মহালয়া সম্প্রচার করা হবে। সেখানে রেডিওর আদলে বিশেষ প্রতিকৃতিও তৈরি করা হবে। আলো দিয়ে সাজানো হবে ঘাট ও আশপাশের এলাকা। পাশাপাশি রেড রোডে হবে রোড শো।
এদিকে, গত কয়েক বছর ধরে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় গেরুয়া শিবিরের একাধিক নেতা-মন্ত্রীর উপস্থিতি দেখা গিয়েছে। তবে এবারের পুজোর আয়োজন অনেকটাই আলাদা হতে চলেছে। ইডেনের মহালয়ার অনুষ্ঠানে অমিত শাহ না থাকলেও দুর্গাপুজোর উদ্বোধনে তিনি কলকাতায় আসতে পারেন। নবান্ন সূত্রে খবর, রাজ্যের একাধিক পুজোর উদ্বোধনী অনুষ্ঠানেও তাঁর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।


