দক্ষিণ দিনাজপুর: ‘বিগত ৫০ বছরে এমন শান্তিপূর্ণ ভোট হয়নি’, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে প্রথম দফার ভোটেই (West Bengal Assembly Election 2026) বিভিন্ন জেলা থেকে অশান্তির ঘটনা সামনে উঠে আসছে। এমনকি বীরভূমের লাভপুর এবং মুরারোই-তে রক্তাক্ত হয়েছেন বিজেপি প্রার্থীর এজেন্ট ও দুই কংগ্রেস কর্মী।
অন্যদিকে মুর্শিদাবাদের নওদায় হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের ধুন্ধুমার বেঁধে যায়। এবার বিজেপি প্রার্থী শুভেন্দুর উপর হামলার ঘটনায় চাঞ্চল্য। তবে এই শুভেন্দু বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু সরকার। অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকরা তাঁকে বেধড়ক মারধোর করেন।
ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিজেপি (BJP) প্রার্থীর অভিযোগ, তাঁকে নাগাড়ে কিল, চড়, ঘুষি মারতে থাকেন তৃণমূল কর্মীরা। কোনোক্রমে নিরাপত্তারক্ষীরা তাঁকে উধার করেন। ঘটনাটি ঘটে কুমারগঞ্জ বিধানসভার চালুন গ্রামপঞ্চায়েতের ২৪ নম্বর বানিহারি বুথের সামনে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। পুলিশ সুপারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সূত্রের খবর, এই ঘটনায় পুলিশকে দোষীদের অবিলম্বে গ্রেফতারির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।


