Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: গেম খেলার প্রলোভন দেখিয়ে নাবালকদের কাছ থেকে ব্যক্তিগত নথি সংগ্রহ! সেই নথি ব্যবহার করে একের পর এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অভিযোগে উত্তর ২৪ পরগনার আমডাঙায় (Amadanga Cyber Crime) বড়সড় সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের একটি কিয়স্ক পরিচালনার সঙ্গে যুক্ত শেখ সরফরাজ ইসলাম।
পুলিশ সূত্রে অভিযোগ, আমডাঙার সাধনপুর এলাকার বাসিন্দা দিব্যজ্যোতি সরকার ওরফে রাজু এলাকার নাবালকদের গেম খেলার টোপ দিয়ে তাঁদের আধার, ভোটার কার্ড-সহ বিভিন্ন ব্যক্তিগত নথি সংগ্রহ করতেন। পরে সেই নথি ব্যবহার করে কাস্টমার সার্ভিস পয়েন্টের মাধ্যমে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হতো। তদন্তকারীদের দাবি, এই অ্যাকাউন্টগুলির এটিএম কার্ড পৌঁছে যেত জামতাড়া গ্যাংয়ের সদস্যদের হাতে। সাইবার প্রতারণার টাকা লেনদেনের কাজে ব্যবহার করা হতো ওই অ্যাকাউন্টগুলি। (Amadanga Cyber Crime)
অভিযোগ, সরফরাজের পরিচালিত কিয়স্ক থেকেই একাধিক মিউল অ্যাকাউন্ট খোলা হয়েছিল। তাঁর কাছ থেকে ৫৪টি ভোটার কার্ড, ২৭টি আধার কার্ড, ৬৫টি খাদ্যসাথী কার্ড, ৭টি প্যান কার্ড, স্মার্টফোন, কম্পিউটার, ফিঙ্গার স্ক্যানার এবং নগদ ৭১ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়েছে।
এই ঘটনায় শেখ সরফরাজ ইসলাম ছাড়াও ঝাড়খণ্ডের বাসিন্দা শাহবাজ আনসারি ও সোনু আনসারিকে হাওড়ার ডোমজুড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া থেকে ধরা হয়েছে সুজয় চট্টোপাধ্যায়কে। পাশাপাশি নথি সংগ্রহ ও ভুয়ো অ্যাকাউন্ট খোলার কাজে যুক্ত থাকার অভিযোগে দিব্যজ্যোতি সরকার ওরফে রাজুকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত পাঁচজনকে বারাসত আদালতে পেশ করা হয়েছে। (Amadanga Cyber Crime)
এই চক্রের মাধ্যমে কীভাবে কোটি কোটি টাকার লেনদেন চলত, জামতাড়া গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ কতটা গভীর এবং এর পিছনে আরও কারা রয়েছে, তা খতিয়ে দেখছে আমডাঙা থানার পুলিশ।


