Aaj India Desk, কলকাতা: প্রায় এক বছর আগে সাইবার প্রতারণা (Cyber Crime)-এর শিকার হয়েছিলেন তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা (Cyber Crime Branch)। এই মামলায় অসমের রাঙাপানি এলাকা থেকে মোকুলেশর রেজা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আজ আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের নভেম্বর মাসে এই প্রতারণার ঘটনা ঘটে। অভিযোগ, অভিযুক্ত নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হাইকোর্ট শাখায় ঢোকে। এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর বদলে ফেলে। সেই সুযোগে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে ধাপে ধাপে ৫৬ লক্ষ টাকা তুলে নেয়। তদন্তে আরও জানা গিয়েছে, ওই টাকা দিয়ে বিপুল পরিমাণ সোনা কেনা হয়েছিল। সেই সোনার খোঁজে এখন তল্লাশি চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, ঘটনার কিছুদিন পরেই সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সাংসদের অ্যাকাউন্টে পুরো টাকাই ফেরত জমা করে। সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি সাংসদ বলেই হয়তো দ্রুত টাকা ফিরে পেয়েছেন। তবে সাধারণ কোনও গ্রাহকের ক্ষেত্রে একই রকম সাহায্য মিলত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। পাশাপাশি এই ঘটনায় কেন্দ্রের ভূমিকাও সমালোচনা করেছিলেন তৃণমূল সাংসদ।


