Aaj India Desk, নয়াদিল্লি: দেশজুড়ে এসআইআর (SIR) নিয়ে বিতর্কের মাঝেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। এবার থেকে SIR প্রক্রিয়ায় ভোটারদের সশরীরে শুনানির জন্য নির্বাচন দফতরের অফিসে যেতে হবে না। শনিবার দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পাশাপাশি নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী উপস্থিত ছিলেন।
কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, SIR-এর ক্ষেত্রে কোনও ব্যক্তির নামে নোটিস জারি হলে তাঁর বাড়িতেই গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বুথ লেভেল অফিসার বা BLO-রা। এরপর তাঁকে শুনানির জন্য AERO বা ERO অফিসে ডাকা হবে না। তবে কোনও বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট ERO অনলাইনে শুনানির ব্যবস্থা করতে পারবেন। এর পাশাপাশি SIR নিয়ে কমিশনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগেরও জবাব দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শনিবার প্রকাশিত বিবৃতিতে একাধিক অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে কমিশন।
এর মধ্যে অন্যতম ছিল দুই নির্বাচন কমিশনারের ক্যাবিনেট সচিবকে চিঠি পাঠানোর বিষয়টি। ওই চিঠিতে কমিশনের অভ্যন্তরীণ কাজের পদ্ধতি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিশেষ করে, কমিশনে সংখ্যাগরিষ্ঠ মতকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করা হয়েছিল। যেহেতু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই কেন এমন বিষয় নিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি পাঠানো হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল।
এবার সেই চিঠির বিষয়টিও স্পষ্ট করেছে কমিশন। তাদের দাবি, চিঠিটি নির্বাচন কমিশনের কোনও নীতিগত সিদ্ধান্ত বা IT বিভাগের কাজ নিয়ে ছিল না। বরং কমিশনে ডেপুটেশনে থাকা এক আধিকারিকের কাজের ধরন সংক্রান্ত বিষয় নিয়েই চিঠিটি পাঠানো হয়েছিল। কমিশনের বক্তব্য, ওই আধিকারিকের কাজ পুনর্বণ্টন সংক্রান্ত একটি নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ বাস্তবে কার্যকর হয়নি। এমনকি দুই নির্বাচন কমিশনারের তরফে নির্দেশ দেওয়ার পরেও তা বাস্তবায়ন করা হয়নি বলে দাবি করেছে জাতীয় নির্বাচন কমিশন।


