Aaj lndia Desk,কলকাতা: আবারও রেলের কড়া বার্তা। হাতে আর মাত্র দুটো দিন। আর তার আগেই বালিগঞ্জ থেকে যাদবপুর এলাকায় নোটিশ টাঙিয়ে স্পষ্ট জানিয়ে দিল পূর্ব রেল (Eastern Railway) আগামী ৩০ জুনের মধ্যে রেলের জমি খালি করতেই হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
রেলের শিয়ালদহ ডিভিশনের জারি করা নোটিশে দাবি করা হয়েছে, নির্মাণ অনুমোদনহীন (Unauthorized) এবং তা ট্রেন চলাচলের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ (Unsafe for Train Movement) সেই জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। রেলের মতে, নিরাপদ রেল চলাচল নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
নোটিশে আরও স্পষ্ট করে বলা হয়েছে, ৩০ জুনের পর ওই নির্মাণ বা সেখানে থাকা কোনও সম্পত্তির ক্ষতি হলে তার দায় রেল কর্তৃপক্ষ নেবে না। একই সঙ্গে রেলের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। ফলে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে প্রশাসনিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
যদিও এই নোটিশের আওতায় ঠিক কতজন বাসিন্দা বা কতগুলি নির্মাণ রয়েছে, সে বিষয়ে রেলের তরফে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে নোটিশ প্রকাশের পর থেকেই এলাকায় উদ্বেগ বেড়েছে। অনেকের প্রশ্ন, ৩০ জুনের পর কি উচ্ছেদ অভিযান শুরু হবে, নাকি সংশ্লিষ্টদের আরও সময় দেওয়া হবে? যদিও এই বিষয়ে এখনও রেলের পক্ষ থেকে আলাদা কোনও ঘোষণা করা হয়নি।
এখন সকলের নজর ৩০ জুনের দিকে। নির্ধারিত সময়সীমার মধ্যে পরিস্থিতি কী মোড় নেয় এবং রেল পরবর্তী পদক্ষেপ হিসেবে কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।


