Aaj India Desk, নয়া দিল্লি : এক বছর পর ঘটলো প্রত্যাবর্তন। লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ পদে ফেরানো হল তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিকে (Kalyan Banerjee)। বৃহস্পতিবার তৃনমূল দলের পক্ষ থেকেই এই সিদ্ধান্ত জানানো হয়।
কেনো ইস্তফা দিয়েছিলেন কল্যাণ ?
২০২৫ সালের আগস্টে দলীয় সহকর্মী মহুয়া মৈত্রের সঙ্গে প্রকাশ্য বিতর্কের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) চিফ হুইপের পদ থেকে ইস্তফা দেন। মহুয়া মৈত্র একটি পডকাস্টে তাঁকে ‘পিগ’ বলে মন্তব্য করেছিলেন। এরপরেই ঝগড়ার শুরু হয় দুজনের মধ্যে। দলের সাংসদদের ভার্চুয়াল বৈঠকে এই সমন্বয়ের অভাব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় পদত্যাগের সিদ্ধান্ত নেন। দল তাঁর ইস্তফা গ্রহণ করে কাকলি ঘোষ দস্তিদারকে নতুন চিফ হুইপ এবং শতাব্দী রায়কে ডেপুটি লিডার নিয়োগ করেছিল।
কেনো ফেরানো হলো কল্যাণকে ?
রাজনৈতিক মহলের একাংশের মতে, লোকসভায় বিরোধী রাজনীতির নতুন সমীকরণ শুরু হতে চলেছে। তার আগে অভিজ্ঞ সাংসদকে ফের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে আনা তৃণমূলের কৌশলগত পদক্ষেপ। এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দলের হয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং সংসদে বিরোধীদের মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিভিন্ন আইন, কেন্দ্র-রাজ্য সম্পর্ক এবং সাংবিধানিক ইস্যুতে তাঁকে বারবার দলের অবস্থান তুলে ধরতে দেখা গিয়েছে। ফলে তাঁর প্রত্যাবর্তনে তৃণমূলের লোকসভা দলে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভবনা রয়েছে। যদিও এ বিষয়ে এখনও দলের তরফে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
চিফ হুইপ হিসেবে সংসদে দলীয় উপস্থিতি, ভোটাভুটি এবং সাংসদদের সমন্বয়ের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী অধিবেশনে নতুন করে দায়িত্ব পাওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার দিকেই এখন নজর থাকবে রাজনৈতিক মহলের।


