Aaj India Desk, কলকাতা : রাজ্য সরকার পরিবর্তন হতেই রাজ্য জুড়ে চলছে নানান বিতর্ক। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিজেপির গোরক্ষা রাজনীতিকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। তাঁর দাবি, প্রকাশ্যে গরু রক্ষার কথা বলা হলেও, পরোক্ষে সেই শিল্পের সঙ্গে যুক্ত সংস্থার কাছ থেকেই রাজনৈতিক অনুদান নেওয়া হয়েছে।
বিজেপির তহবিলে বিফ এক্সপোর্টার ?
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশের শীর্ষ ‘বিফ এক্সপোর্টার’ বিজেপিকে ৩০ কোটি টাকা অনুদান দিয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের রাজ্যসভায় দেওয়া একটি উত্তরের অংশও তুলে ধরা হয়েছে, যেখানে ভারতের মাংস রফতানির পরিসংখ্যান উল্লেখ রয়েছে।
অভিষেকের পোস্ট : https://x.com/i/status/2059992848100196715
অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেই তথ্য দিয়ে তাঁর পোস্টে লেখেন, “প্রকাশ্যে গরু পূজা, আর ব্যক্তিগতভাবে সেই ব্যবসা থেকেই অর্থসাহায্য – এটাই কি নৈতিকতার মডেল?” এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
সংসদে কী তথ্য দেওয়া হয়েছিল ?
রাজ্যসভায় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে জানানো হয়, ভারতে গরুর মাংস রফতানি নিষিদ্ধ। তবে মহিষ ও অন্যান্য শ্রেণির মাংস রফতানি হয়। সরকারি নথি অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের মোট মাংস রফতানির পরিমাণ ৪১৫৯.৮৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। নথিতে আরও উল্লেখ করা হয়েছে, রফতানির তথ্য মূলত ‘মিট এক্সপোর্ট’ হিসেবে সংরক্ষিত হয় এবং পৃথকভাবে সব ক্ষেত্রে রাজ্যভিত্তিক তথ্য রাখা হয় না।
অভিষেকের (Abhishek Banerjee) দাবি, গোরক্ষা ও ধর্মীয় আবেগকে সামনে রেখে রাজনীতি করা হলেও অর্থনৈতিক ক্ষেত্রে ভিন্ন বাস্তব সামনে আসছে। যদিও এই বিষয়ে বিজেপির তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


