Aaj India Desk, কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক জনমুখী সিদ্ধান্ত নিচ্ছে মুখ্যমন্ত্রী (Cheif Minister) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তথা বিজেপি সরকার (BJP Government)। তাদের মধ্যেই একটি বড় ঘোষণা হল সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা, যা আগামী ১ জুন থেকে চালু হতে চলেছে। তবে শুধু সরকারি পরিষেবা নয়, অন্যান্য পরিবহণ ব্যবস্থাকেও সচল ও উন্নত রাখতে সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছে পরিবহণ সংগঠনগুলি।
এই পরিস্থিতিতে জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটর্স (JFTO) মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে তারা পরিবহণ ক্ষেত্রের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার জন্য সময় চেয়েছে। সংগঠনের পক্ষ থেকে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করারও ইচ্ছাপ্রকাশ করা হয়েছে। এই যৌথ মঞ্চে রয়েছে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি, অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড, সিটি সাবারবান বাস সার্ভিস, নর্থ বেঙ্গল প্যাসেঞ্জার্স ট্রান্সপোর্ট ওনার্স কো-অর্ডিনেশন কমিটি এবং পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
চিঠিতে সংগঠনগুলির দাবি, পরিবহণ ব্যবস্থা রাজ্যের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই পরিষেবা স্বাভাবিক রাখা এবং আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মালিকরা। বিশেষ করে স্কুল পড়ুয়াদের পুলকার পরিষেবা এবং ক্যাব পরিষেবা সচল রাখতে এখন নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। সম্প্রতি পেট্রল ও ডিজেলের দাম বাড়তে থাকায় খরচ অনেকটাই বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
সংগঠনের আরও বক্তব্য, সরকার বদলের পর পরিবহণ ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা ও বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। সেই বিষয়গুলো নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করতে চান তাঁরা। একইসঙ্গে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংগঠন। তাদের মতে, সাধারণ মানুষের সুবিধার জন্য আরও কীভাবে পরিবহণ পরিষেবা বাড়ানো যায়, সে বিষয়েও সরকারের সঙ্গে আলোচনা প্রয়োজন। তবে, পরিবহণ সংগঠনগুলির এই চিঠির বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


