Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা: যাদবপুরের সিপিএম (CPM) প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya) ভোটের পর বেশ আত্মবিশ্বাসী। তাঁর দাবি, এবারের নির্বাচনের ফলাফল চমকে দিতে পারে এবং সেখানে বামেরা বড় ভূমিকা নিতে চলেছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, এক্সিট পোল (ExitPoll)-কে তিনি একেবারেই গুরুত্ব দিচ্ছেন না। তাঁর মতে, এই ধরনের পূর্বাভাস মূলত বাণিজ্যিক উদ্দেশ্যেই করা হয়, বাস্তব ফলের সঙ্গে অনেক সময় মিল থাকে না।
ভোটের হার নিয়েও তিনি নিজের মত প্রকাশ করেছেন। প্রায় ৯২ শতাংশ ভোট পড়ার প্রসঙ্গে তিনি বলেন, “এত বেশি ভোট হওয়ার কারণ হল মানুষ এতদিন ঠিকমতো শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেননি। এবার সেই সুযোগ পেয়ে মানুষ ব্যাপকভাবে ভোট দিয়েছেন।” তাঁর ভাষায়, দুর্নীতি ও ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে মানুষের এক ধরনের প্রতিবাদই এই উচ্চ ভোটের হার।
বিকাশরঞ্জন আরও বলেন, বামেরা শুরু থেকেই গুরুত্বপূর্ণ শক্তি। প্রচারের সময়ও সেটা স্পষ্ট ছিল। তাঁর দাবি, বিজেপি ও তৃণমূল-দুই পক্ষই বামেদের নিয়ে চিন্তিত ছিল এবং সবাই বামেদের ভোট চাইছিল। তাছাড়াও সরকার বদলের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, এত বেশি ভোট পড়েছে, তাই ফলাফলেও বড় চমক আসতে পারে। তবে তিনি এটাও পরিষ্কার করেন যে, জেতার লক্ষ্য নিয়েই তাঁরা নির্বাচনে নেমেছেন।
এক্সিট পোল নিয়ে তাঁর অনাস্থা আগেই জানিয়েছেন। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, ফল ঘোষণার পর দলবদল বা রাজনৈতিক সমীকরণ বদলের ঘটনাও ঘটতে পারে। তাঁর মতে, এই ধরনের ‘ঘোড়া কেনাবেচা’ নতুন কিছু নয়, আগেও এমন হয়েছে এবং এবারও তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


