Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : দুই নৃত্যশিল্পীকে হেনস্থার অভিযোগে এবার গ্রেপ্তার হলেন রেলের টিকিট পরীক্ষক (TTE)। বুধবার রাতে সোনারপুর GRP এলাকা থেকে অভিযুক্ত TTE প্রশান্ত নাথকে গ্রেপ্তার করে বনগাঁ GRP। তাঁর বিরুদ্ধে BNS-এর ১২৭(২), ৭৪, ৭৬, ৭৯ ও ১৯৬ ধারায় মামলা রুজু হয়েছে। এর পাশাপাশি নাবালিকাকে নিয়ে অভিযোগ থাকায় POCSO আইনের ১২ নম্বর ধারাও যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ১৮ জুলাই বনগাঁ স্টেশনে। অভিযোগকারী এক তরুণী এবং তাঁর সঙ্গে থাকা এক নাবালিকা গোবরডাঙা স্টেশন থেকে ট্রেনে ওঠেন। তাঁদের রানাঘাটে নাচের ক্লাসে যাওয়ার কথা ছিল। তাড়াহুড়ো করে ট্রেনে ওঠার পর বনগাঁ স্টেশনে পৌঁছতেই TTE প্রশান্ত নাথ তাঁদের থামান। এরপর দুই নৃত্যশিল্পীকে একটি ঘরে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়। তাঁদের বিরুদ্ধে ভেন্ডার রুমে ঢোকার অভিযোগ তুলে ২,৫০০ টাকা জরিমানা চান প্রশান্ত। পাশাপাশি দুই তরুণী এবং তাঁদের অভিভাবকদের সাথে ফোনে অশালীন ভাষায় কথা বলেন তিনি। তাঁদের হেনস্তা করে প্রশান্ত বলেছিলেন, ‘এক জনকে বিয়ে করব, অন্য জনের সঙ্গে সারারাত নাচব।’ নাচের ক্লাসে দেরি হওয়ায় প্রশিক্ষণকেন্দ্রের এক শিক্ষক ফোন করে বিষয়টি জানতে চাইলে তাঁর সাথেও অশালীন ও আপত্তিকর ভাষায় কথা বলা হয়।
ঘটনার দিনই বনগাঁ GRP থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বনগাঁ GRP। প্রতিবাদে নৃত্য প্রশিক্ষণকেন্দ্রের অভিভাবক ও শিক্ষকরাও থানায় লিখিত অভিযোগ জানান। শতাধিক নৃত্যশিল্পী অভিযুক্ত TTE-র ছবি হাতে নিয়ে থানার সামনে বিক্ষোভও দেখান এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগ ওঠার পর অভিযুক্ত TTE-কে সাসপেন্ড করা হয়েছিল। এরপর বুধবার রাতে সোনারপুর GRP এলাকা থেকে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে বনগাঁয় নিয়ে আসা হয়। বনগাঁ GRP থানার OC নয়ন মৈত্রের নেতৃত্বে তদন্তকারী দল এই অভিযান চালায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মামলায় একাধিক ধারার পাশাপাশি POCSO আইনের ১২ নম্বর ধারা যুক্ত হওয়ায় তদন্ত আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।


