29 C
Kolkata
Monday, November 23, 2026
spot_img

‘ভালো তৃণমূলের’ জন্য খুলছে গেরুয়া দরজা! তবে শর্ত আছে, এক বছরের পরীক্ষায় বসাবে বিজেপি!

কলকাতা: তৃণমূলের ‘ভালোদের’ জন্য অবশেষে খুলেই গেল বিজেপির (BJP) দোর! তবে দলবদল করলেই কেল্লা ফতে নয়! বিজেপির দরজায় কড়া নাড়লেই সরাসরি মূল সংগঠনে জায়গা মিলবে না। বরং নতুন নিয়মে এক বছর ধরে চলবে পর্যবেক্ষণ। অনেকটা চাকরিতে ঢোকার আগে প্রবেশন পিরিয়ডের মতোই! তৃণমূল কিংবা সিপিএম থেকে কেউ বিজেপিতে আসতে চাইলে প্রথমে তাঁকে কাটাতে হবে মোর্চা সংগঠনে। তারপর দেখা হবে, তিনি আদৌ বিজেপির আদর্শে নিজেকে মানিয়ে নিতে পারছেন কি না! দলীয় সূত্রে খবর, শুক্রবার রুদ্ধদ্বার বৈঠকে এমনই বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনশল।

দলবদল করলেই পদ নয়, আগে এক বছরের পরীক্ষা!

দলীয় সূত্রের খবর, জেলা, মণ্ডল কিংবা বুথস্তরে তৃণমূল বা সিপিএমের যেসব কর্মীর এলাকায় স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, তাঁদের বিজেপির (BJP) বিভিন্ন মোর্চা সংগঠনে যুক্ত করার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তবে যে কেউ এলেই হবে না। বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পাবে সংশ্লিষ্ট কর্মীর ভাবমূর্তি ও সাংগঠনিক কাজের অভিজ্ঞতা।

এক বছর ধরে মোর্চায় তাঁদের কাজকর্ম পর্যবেক্ষণ করা হবে। বিজেপির আদর্শ, সাংগঠনিক নিয়মকানুন এবং রাজনৈতিক অবস্থানের সঙ্গে তাঁরা কতটা মানিয়ে নিতে পারছেন, সেটাও খতিয়ে দেখা হবে।

অর্থাৎ, বিজেপিতে (BJP) যোগ দেওয়ার ইচ্ছা থাকলেই সরাসরি মূল সংগঠনের দরজা খুলছে না। আগে এক বছরের কার্যত ‘ট্রায়াল রান’!

পুরনো কর্মীদের অসন্তোষ সামলাতেই কি নয়া ফর্মুলা?

বিজেপির (BJP) অন্দরে অন্য দল থেকে আসা কর্মীদের অন্তর্ভুক্তি নিয়ে অসন্তোষের অভিযোগ নতুন নয়। বিশেষত নিচুতলায় পুরনো কর্মীদের সঙ্গে নতুন যোগ দেওয়া কর্মীদের সংঘাতের কথাও সামনে এসেছে।

জানা গিয়েছে, অন্য দল থেকে আসা একাংশের বিরুদ্ধে সংগঠনে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে স্বচ্ছ ভাবমূর্তির কর্মীদের বেছে নেওয়া এবং তাঁদের আগে মোর্চায় রেখে পর্যবেক্ষণের সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।

একদিকে বুথস্তরে কর্মীর অভাব মেটানোর চেষ্টা, অন্যদিকে নতুনদের নিয়ে পুরনো কর্মীদের আপত্তি সামলানো, দুইয়ের মধ্যে ভারসাম্য রাখতেই কি এই এক বছরের ফর্মুলা?

শুধু নতুনদের নয়, পুরনোদের জন্যও কড়া বার্তা!

শুক্রবারের বৈঠকে শুধু দলবদলুদের নিয়েই আলোচনা হয়নি। দলের শৃঙ্খলা নিয়েও কড়া বার্তা দিয়েছেন সুনীল বনশল এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দলীয় নির্দেশ অমান্য করলে নেতা, মন্ত্রী কিংবা বিধায়ক, কাউকেই রেয়াত করা হবে না বলে সতর্ক করা হয়েছে।

এমনকী সাংগঠনিক বৈঠকে বিধায়কদের নিজের পরিবর্তে প্রতিনিধি পাঠানোর প্রবণতা নিয়েও আপত্তি জানানো হয়েছে। সব মিলিয়ে বিজেপির (BJP) বার্তা স্পষ্ট, দলে আসতে হলে আগে কাজের পরিচয় দিতে হবে, আর দলে থাকলেও মানতে হবে সংগঠনের নিয়ম। তাহলে কি এবার বিজেপিতে দলবদলের পাশাপাশি চালু হচ্ছে ‘এক বছরের ইন্টার্নশিপ’? তৃণমূলের কর্মী থেকে বিজেপির নেতা হতে গেলে আগে পাশ করতে হবে আদর্শের পরীক্ষায়!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন