28 C
Kolkata
Saturday, September 12, 2026
spot_img

“জেলা নেতৃত্ব ‘মিসগাইড’ করে”—বিজেপির অস্বস্তি বাড়িয়ে ফের মুখ খুললেন রেখা!

Aaj India Desk, কলকাতা : হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের (Rekha Patra) মন্তব্য ঘিরে ফের অস্বস্তিতে দলীয় নেতৃত্ব। শুক্রবার তিনি অভিযোগ করেন, জেলা নেতৃত্ব তাঁকে ‘মিসগাইড’ করে। তাঁর কথায়, “জেলা থেকে আমাকে মিসগাইড করা হয়। কারণ আমি পড়াশোনা জানি না।” একইসঙ্গে নিজের বাবার শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গ তুলে তাঁর ‘বাইরে ডাক্তারি করার’ কথাও বলেন রেখা। তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফের প্রকাশ্যে দলের সঙ্গে দূরত্ব

কয়েক দিন আগে সন্দেশখালিতে শরিকি জমি সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়েছিলেন রেখা পাত্র। সেই ঘটনায় মারামারির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ঘটনাটির ভিডিয়ো প্রকাশ্যে আসার পর বিজেপির অন্দরেও তাঁকে নিয়ে প্রশ্ন ওঠে। এবার সরাসরি জেলা নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলে নতুন করে আলোচনায় এলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক। রেখার অভিযোগ, পড়াশোনা না জানার কারণে জেলা কমিটি তাঁকে অপমান করে। সেই কারণেই দলের বিভিন্ন অনুষ্ঠানে তিনি যান না বলেও দাবি করেন। এ বিষয়ে দলকে ‘ঠিকঠাক বিচার’ করার আবেদন জানিয়েছেন তিনি।

পুলিশকে চড় মারার প্রসঙ্গেও সাফাই

সন্দেশখালির ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে পুলিশকর্মীকে চড় মারার বিষয়েও নিজের বক্তব্য তুলে ধরেন রেখা (Rekha Patra)। তাঁর দাবি, সংশ্লিষ্ট পুলিশকর্মীর গায়ে পোশাক না থাকায় তিনি তাঁকে চিনতে পারেননি। পরে বিষয়টি বুঝতে পেরে তাঁর কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানান।

রেখার বক্তব্য, দলের প্রতিনিধি সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও তাঁকে কেন যেতে হয়েছিল, তা নিয়েই তিনি ক্ষুব্ধ ছিলেন। সেই কারণেই ওই পুলিশকর্মীকে চড় মেরেছিলেন বলে দাবি করেন তিনি।

কী বলছে বিজেপি?

রেখা পাত্রের (Rekha Patra) অভিযোগ নিয়ে বিজেপির জেলা নেতৃত্ব অবশ্য প্রকাশ্যে দূরত্ব তৈরি করেনি। জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, “রেখাকে আমরা সম্মান করি। সব সময়ে ওঁর সঙ্গে যোগাযোগ করে কাজ করা হয়। তা সত্ত্বেও কেন এমন কথা বললেন তা উনিই বলতে পারবেন।” অন্যদিকে রেখার মন্তব্যকে ঘিরে বিরোধীরাও বিজেপিকে নিশানা করেছে। সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের কটাক্ষ, “দল কাকে বিধানসভায় পাঠিয়েছে তা এ বার বুঝছে বিজেপি।”

রেখা পাত্রের সাম্প্রতিক মন্তব্যে ফের প্রকাশ্যে এল বিজেপির জেলা নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন। দলের অভ্যন্তরীণ সমস্যা এবার কতটা প্রভাব ফেলবে, সেটাই নজরে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন