মুর্শিদাবাদ: কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সামনেই গালিগালাজ, হাতাহাতির পরিস্থিতি মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রে। বুথের সামনে তৃণমূল কর্মীদের সঙ্গে হুমায়ুন কবিরের (Humayun Kabir) ধুন্ধুমার! একে অপরকে ‘চোর’, ‘দালাল স্লোগান দিচ্ছেন তৃণমূল ও আম জনতা উন্নয়ন পার্টির কর্মীরা। দু-পক্ষকে ঠেকানোর চেষ্টা করছে পুলিষ ও কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করেন একজন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ব্যাপক ধ্বস্তাধস্তি।
অভিযোগ, হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির এক কর্মীকে মারধোর করা হয়েছে। এই অভিযোগে নওদা বিধানসভা কেন্দ্রের বুথের সামনেই তৃণমূল কর্মীদের উপর চড়াও হন হুমায়ুন কবির (Humayun Kabir) সহ তাঁর দলের লোকজন। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সামনেই দু-পক্ষের ধ্বস্তাধস্তি শুরু হয়ে যায়। তৃণমূল কর্মীদের ‘চোর’ বলে স্লোগান দিতে থাকেন হুমায়ুন। সেইসঙ্গে চলে গালিগালাজ। তৃণমূল কর্মীরা পাল্টা হুমায়ুন কবিরকে ‘চোর’ বলে স্লোগান দেন। ভোট গ্রহণের মাঝে এই পরিস্থিতিতে ঘাবড়ে যান ভোটাররা।


