Aaj India Desk, কলকাতা : ফের নতুন চাপের মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার তাঁর কালীঘাটের বাসভবনে গভীর রাত থেকে শুরু হয় পুলিশি অভিযান। শনিবার রাত প্রায় ৩টে নাগাদ শালবনি থানার পুলিশ, কালীঘাট থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা অভিষেকের ওই বাড়িতে পৌঁছন। ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কেনো চলছে পুলিশি অভিযান ?
সম্প্রতি শালবনি থানায় অভিষেকের (Abhishek Banerjee) এক আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছিল। টিকিট দেওয়ার আশ্বাস দিয়ে আর্থিক প্রতারণা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্তের স্বার্থে একাধিক জায়গায় তল্লাশি ও অভিযান চালানো হয় এবং পলাতক সুমিত রায়কে খুঁজতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হাজির হয় পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী।
রীতিমতো তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে তদন্তকারীরা। গোটা বাড়ি নিরাপত্তা বলয়ের মধ্যে ঘিরে ফেলে তল্লাশি শুরু করা হয়। খবর পেয়ে সেখানে পৌঁছান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
পুলিশি অভিযানে ক্ষুদ্ধ সাংসদ
সকাল ৮ টা পর্যন্ত টানা তল্লাশি নেওয়ার পর পুলিশ বেরিয়ে যেতেই ক্ষোভে ফুঁসে ওঠেন তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, “গোটা বাড়ি তল্লাশি হয়েছে। কেনো হয়েছে, ওঁরা কি খুঁজতে এসেছিলেন তা ওঁরাই জানেন। আমি এই বিষয়ে কিছু জানি না।”
উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক মামলায় তদন্তকারীদের মুখোমুখি হতে হয়েছে অভিষেককে। গতকাল CID থেকে তাঁর বাড়িতে নোটিসও পাঠানো হয়। আগামী ১৪ জুন তাঁকে সই জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদও করা হবে। অন্যদিকে বিজেপিকে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায়ও ১৬ই জুন তাঁকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। এই সমস্ত তদন্তের মাঝে ফের নতুন ঝামেলার মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আগামী দিনে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির নিষ্পত্তি হয় কিনা সেটাই দেখার।


