Aaj India Desk,কলকাতা: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষের শেষ ছিল না। রাজ্য রাজনীতিতে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) স্বাস্থ্য ব্যবস্থার ওপর বিশেষ নজর দেন।
শনিবার সাংবাদিক বৈঠক থেকে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নতুন মেডিসিন সেন্টারগুলি চালু হলে সাধারণ মানুষের ওষুধের খরচ অনেকটাই কমবে। পাশাপশি তিনি এও বলেন “কোনও পরিবারের মাসিক ওষুধের খরচ যদি ২০০০ টাকা হয়, তাহলে এই প্রকল্পের মাধ্যমে তা কমে প্রায় ২০০ টাকায় নেমে আসতে পারে। তাঁর কথায়, মানুষ পাঁচগুণ বেশি সুবিধা পাবেন।পাশাপাশি, অমৃত প্রকল্পের অধীনে ক্যানসার-সহ বিভিন্ন দুরারোগ্য রোগের ওষুধেও ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে।
ওষুধের বাড়তে থাকা দামের মাঝে সাধারণ মানুষের স্বস্তির ও ভরসার জায়গা হয়ে উঠছে কেন্দ্রের জনৌষধি প্রকল্প।
কম খরচে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিতেই দেশজুড়ে খুলছে একের পর এক জনৌষধি কেন্দ্র। বর্তমানে দেশে প্রায় ১৮ হাজার কেন্দ্র চালু রয়েছে, আর ২০২৭ সালের মধ্যে সেই সংখ্যা বাড়িয়ে ২৫ হাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার।
শুধু ওষুধই নয়, এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। বিশেষ করে মহিলা ও এসসি-এসটি সম্প্রদায়ের মানুষদের জনৌষধি কেন্দ্র খোলার জন্য কেন্দ্রের তরফে ২ লক্ষ টাকা পর্যন্ত ইনসেনটিভ দেওয়া হচ্ছে।
এই কেন্দ্রগুলিতে কম দামে নানা প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি মাত্র ১ টাকায় মিলছে স্যানিটারি ন্যাপকিনও। ফলে স্বাস্থ্য পরিষেবার সুবিধা আরও সহজলভ্য হচ্ছে সাধারণ মানুষের কাছে।নিত্যদিনের জীবনে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো রোগে ভুগছেন বহু মানুষ। নিয়মিত ওষুধ কিনতে গিয়ে অনেক পরিবারকেই বাড়তি আর্থিক চাপ সামলাতে হয়। সেই জায়গায় জনৌষধি কেন্দ্র থেকে কম দামে ওষুধ পাওয়ায় অনেকটাই স্বস্তি মিলছে বলে মনে করছেন সাধারণ মানুষ।


