Aaj lndia Desk, নদিয়া : রাস উৎসবের আবহে নবদ্বীপে (Nabadwip) গিয়ে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শ্রীচৈতন্য মহাপ্রভুর (Sri Chaitanya Mahaprabhu) জন্মস্থান মন্দির পরিদর্শনের পাশাপাশি মন্দিরের পরিকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনের বিষয়ে একাধিক আশ্বাস দেন তিনি। রিসার্চ সেন্টার ও গোশালার সম্প্রসারণের জন্য মোট ৩ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে নবদ্বীপে আধুনিক লঞ্চ পরিষেবা চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
রিসার্চ সেন্টার ও গোশালার জন্য ৩ কোটি টাকা
রবিবার মন্দির দর্শন ও পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে অর্থের অভাবে মহাপ্রভুর উপর তৈরি হতে থাকা রিসার্চ সেন্টারের কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সেই কাজ সম্পূর্ণ করতে রাজ্য সরকারের তরফে ২ কোটি টাকা দেওয়া হবে। অন্যদিকে, শচীমাতা গোশালার (Sachimata Gaushala) সম্প্রসারণের জন্য বরাদ্দ করা হয়েছে আরও ১ কোটি টাকা। অর্থাৎ, দুটি প্রকল্প মিলিয়ে মোট ৩ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে।
ফেব্রুয়ারিতেই চালু হতে পারে আধুনিক লঞ্চ পরিষেবা
নবদ্বীপের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য স্থায়ী সেতু তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সেতু নির্মাণের আগে ডিপিআর (DPR) তৈরি-সহ বেশ কিছু প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই কারণে আপাতত সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে আধুনিক লঞ্চ পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর আশ্বাস, ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ হবে। ঘাট তৈরির কাজ সম্পূর্ণ হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তিনি নিজে এসে পরিষেবার উদ্বোধন করবেন।
গুরুকুল ও সংস্কৃত টোল তৈরির প্রস্তাব
এদিন নবদ্বীপের ঐতিহ্য বজায় রাখতে গুরুকুল এবং সংস্কৃত টোল তৈরির প্রস্তাবও মন্দির কর্তৃপক্ষের কাছে রেখেছেন মুখ্যমন্ত্রী। এই ধরনের উদ্যোগ বাস্তবায়নে অর্থের অভাব হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
পূর্বতন সরকারকে নিশানা
উন্নয়নের কথা বলার পাশাপাশি পূর্বতন সরকারকে কটাক্ষ করতেও দেখা যায় তাঁকে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, মহাপ্রভুর জন্মস্থানের উন্নয়নে আগের সরকার কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ করেনি। নবদ্বীপে মদের দোকান খোলা ছাড়া তারা আর কিছু করেনি বলেও মন্তব্য করেন তিনি।
কীর্তনে অংশগ্রহণ ও বিশেষ ভোগের আয়োজন
এদিনের সফরে মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি রাসমন্দিরের কীর্তনে অংশ নেন মুখ্যমন্ত্রী। শচীমাতা গোশালায় গিয়ে গো-পূজনও করেন। পরে আশ্রমিক ও মন্দির কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। মুখ্যমন্ত্রীর সম্মানে ২০ থেকে ২৫ রকমের নিরামিষ পদ দিয়ে বিশেষ ভোগের আয়োজন করা হয়েছিল। পোলাও, ভাত, ধোকা, মোচা ও থোড়ের বিভিন্ন পদ ছিল সেই তালিকায়।
এরপর গৌরাঙ্গিনী মাতার পুজোর উদ্বোধন, কুটির পাড়ায় ভারত মাতার পুজোর উদ্বোধন এবং ঐতিহ্যবাহী বড় শ্যামা মন্দির দর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। সবশেষে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।


