কলকাতা: মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় শুরু অ্যাকশন! সোমবারই গোহত্যা (Cow Slaughter) বন্ধে কড়া অবস্থানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন জেলায় লুকিয়ে গোহত্যা চলছে বলে অভিযোগ তুলে পুলিশকে সক্রিয় হওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। আর তার পরেই যেন অ্যাকশন মোডে রাজ্য পুলিশ! মঙ্গলবার একদিকে মুর্শিদাবাদের সাগরদিঘিতে গোহত্যার অভিযোগে চারজন গ্রেপ্তার অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গরু পাচারের চেষ্টা বানচাল করে তিনজনকে পাকড়াও করল পুলিশ। দুই ঘটনায় মোট গ্রেপ্তার ৭।
প্রথমে আসা যাক ঘাটালের ঘটনায়। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দেওয়ানচক গ্রাম পঞ্চায়েতের কালিচক এলাকায় অভিযান চালায় ঘাটাল থানার পুলিশ। খবর ছিল, একটি গাড়িতে করে পাচার করা হচ্ছে গরু। আর সেই খবর পেয়েই এক মুহূর্ত দেরি না করে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশবাহিনী।
অভিযানে নেতৃত্ব দেন ঘাটাল থানার ওসি তিমির লেট। এরপর গাড়িটিতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আসল চিত্র! উদ্ধার হয় মোট ৮টি গরু (Cow Slaughter)। ঘটনাস্থল থেকেই গাড়িচালক, গাড়ির মালিক-সহ তিনজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া গরুগুলি কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার খোঁজ শুরু হয়েছে। এর পিছনে কোনও বড়সড় পাচারচক্র কাজ করছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সাগরদিঘিতে কী হয়েছিল?
ঘাটালের ঘটনার আগেই মঙ্গলবার ভোরে মুর্শিদাবাদের সাগরদিঘিতে অভিযান চালায় পুলিশ। শেখদীঘির হাজিপুর এলাকায় গোপনে পশু জবাই করা হচ্ছে বলে খবর পায় সাগরদিঘি থানার পুলিশ। এরপর দ্রুত এলাকায় পৌঁছে চারদিক ঘিরে ফেলা হয়। অভিযোগ, পশু জবাইয়ের (Cow Slaughter) সময়ই হাতেনাতে চারজনকে ধরে ফেলেন পুলিশকর্মীরা। তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মাংস মাটিতে পুঁতে ফেলা হয় বলেও জানা গিয়েছে।
সব মিলিয়ে একদিনে দুই জেলায় পরপর দুই পুলিশি অভিযান ঘিরে চর্চা শুরু হয়েছে রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর পুলিশের এই তৎপরতা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে এই দুই ঘটনার পিছনে কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, তদন্ত শেষেই তা স্পষ্ট হবে।


