Aaj India Desk, লখনউ : বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রীকে প্রকাশ্য মঞ্চ থেকে সমালোচনা করেছিলেন যোগগুরু বাবা রামদেব (Baba Ramdev)। ভগবান রাম ও কৃষ্ণকে নিয়ে মন্তব্যে আপত্তি জানিয়ে রীতিমতো ধমক দিয়েছিলেন তাঁকে। তবে সেই বিতর্কে এবার সুর নরম করলেন রামদেব। ধীরেন্দ্রকে নিজের ‘সন্তানসম’ বলে উল্লেখ করে জানালেন, স্নেহ ও অধিকার থেকেই তাঁকে বকেছিলেন। অন্যদিকে, রামদেবের সমালোচনাকেও আশীর্বাদ হিসেবেই গ্রহণ করেছেন বলে জানালেন বাগেশ্বর বাবা।
ধীরেন্দ্রকে নিয়ে কী বললেন রামদেব?
মঙ্গলবার হরিদ্বারে সাংবাদিক বৈঠকে রামদেব (Baba Ramdev) বলেন, বাগেশ্বর বাবা তাঁর কাছে সন্তানের মতো। একইসঙ্গে তিনি ধীরেন্দ্রকে নিজের ছোট ভাই এবং শিষ্য বলেও উল্লেখ করেন। রামদেবের কথায়, ‘‘যে বিষয়গুলি আমার অনুচিত মনে হয়েছে এবং আমাকে কষ্ট দিয়েছে, সেগুলি নিয়েই অধিকারবোধ থেকে ওকে বকেছি। ও-ও আমার ধমককে ভালোবাসা হিসেবেই গ্রহণ করেছে। এটাই ওর মহত্ত্ব।’’ তিনি আরও জানান, একদিন আগেই ধীরেন্দ্র শাস্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। দেবদেবীদের নিয়ে বিভিন্ন মন্তব্য তাঁকে গভীরভাবে আঘাত করেছিল বলেও জানান যোগগুরু।
দেবদেবীদের মধ্যে ভেদাভেদ নয়, বার্তা রামদেবের
রামদেবের (Baba Ramdev) বক্তব্য, সনাতন ধর্মে কোনও দেবতার সঙ্গে অন্য দেবতার তুলনা কিংবা তাঁদের মধ্যে ভেদাভেদের জায়গা নেই। দেবতা, জাতি ও ধর্মের নামে বিভাজন সমাজকে দুর্বল করে। তাঁর কথায়, সনাতন ধর্মকে কুসংস্কার কিংবা ভণ্ডামির সঙ্গে এক করে দেখা উচিত নয়। এই ধর্মের মূল্যবোধ অত্যন্ত উচ্চ এবং তা বিজ্ঞানসম্মত বলেও দাবি করেন তিনি। পাশাপাশি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং অকারণে ট্রোল করা হচ্ছে বলেও অভিযোগ করেন রামদেব।
সমালোচনাকেও আশীর্বাদ বলছেন বাগেশ্বর বাবা
অন্যদিকে, পঞ্জাবের পাঠানকোটে একটি কথার অনুষ্ঠানে রামদেবের মন্তব্যের জবাব দিয়েছেন ধীরেন্দ্র শাস্ত্রী। তবে পালটা আক্রমণের পথে হাঁটেননি তিনি।ধীরেন্দ্রর কথায়, রামদেবজি অত্যন্ত সরল মনের মানুষ। তিনি তাঁদের আপনজন এবং শ্রদ্ধেয় গুরু। চার দিন আগে রামদেব তাঁর প্রশংসা করেছিলেন, আর চার দিন পরেই সমালোচনা করেছেন। দু’টিকেই সমানভাবে গ্রহণ করছেন তিনি। ধীরেন্দ্রর বক্তব্য, ‘‘উনি ভালোবেসে যা বলতে চান, বলতে পারেন। আমরা ওঁর সমালোচনা যেমন গ্রহণ করি, তেমনই প্রশংসাও গ্রহণ করি। সাধুসন্তদের প্রতি অসম্মানের কোনও অনুভূতি আমাদের থাকতে পারে না।’’
উল্লেখ্য, সম্প্রতি কয়েকজন কথাবাচকের বিরুদ্ধে সরব হয়েছিলেন বাবা রামদেব। তাঁর অভিযোগ ছিল, বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত কিংবা সংবিধান সম্পর্কে যথাযথ জ্ঞান না রেখেই কেউ কেউ নিজেদের সনাতনী বলে দাবি করছেন। ধর্মের নামে মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করা এবং বিশেষত মহিলাদের ভয় দেখিয়ে প্রতারণার বিরুদ্ধেও সরব হয়েছিলেন তিনি।বিশেষ করে বাগেশ্বর বাবার ভগবান রাম ও কৃষ্ণকে নিয়ে তুলনামূলক মন্তব্য এবং দেবদেবীদের নিয়ে হালকা রসিকতায় আপত্তি জানিয়েছিলেন রামদেব। গত ১৭ নভেম্বর উত্তরপ্রদেশের প্রতাপগড়ে বিধায়ক রাজা ভাইয়ার বাড়িতে আয়োজিত একটি কথার অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গিয়েছিল রামদেব ও ধীরেন্দ্র শাস্ত্রীকে। সেখানে দু’জনকে মালাবদলও করতে দেখা যায়। এবার প্রকাশ্য সমালোচনা থেকে স্নেহের বার্তা, দুই ধর্মীয় ব্যক্তিত্বের সম্পর্কের সমীকরণ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।


