Aaj India Desk, মালদহ: উৎসবের মরসুম শুরুর আগেই বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মালদহের জন্য একগুচ্ছ সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার আকাশপথে জেলার প্লাবিত এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। এরপর মানিকচকের সভা থেকে দুর্গত পরিবারগুলির জন্য মোট ২৪১.৬৫ কোটি টাকার ত্রাণ ও ক্ষতিপূরণ প্যাকেজের কথা জানান মুখ্যমন্ত্রী।
বাড়ি ভাঙলে মিলবে ১.৮০ লক্ষ টাকা
সরকারি হিসাব অনুযায়ী, জেলায় বন্যার জেরে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২৪,৫৯৫টি পরিবার। তাদের প্রত্যেককে বাড়ি মেরামতির জন্য ১ লক্ষ ৮০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, ২২,৩৪০টি আংশিক ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ৯০ হাজার টাকা করে। পুজোর আগে সবচেয়ে বেশি বিপাকে পড়া ৫ হাজার পরিবারের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে পোশাক, ত্রিপল, মশারি এবং পাঁচ দিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
দুর্গতদের জন্য ইতিমধ্যেই ২১টি সরকারি ত্রাণশিবির চালু হয়েছে। পাশাপাশি ২৫টি কমিউনিটি কিচেন থেকে প্রতিদিন প্রায় ৮,১০০ মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হচ্ছে। বন্যাকবলিত এলাকায় গবাদি পশুর খাবার ও চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।
গঙ্গা-ফুলহারের ভাঙন ঠেকাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা
শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়, নদীভাঙনের স্থায়ী মোকাবিলার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গঙ্গা ও ফুলহার নদীর গতিপথ ও ভাঙনের সমস্যা নিয়ে IIT Kanpur-কে দিয়ে Detailed Project Report বা DPR তৈরির কাজ শুরু হয়েছে। মালদহ ও মুর্শিদাবাদের ভাঙনপ্রবণ একাধিক এলাকার জন্য কেন্দ্রের কাছে ৩,৩০০ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছিল। তার মধ্যে চলতি আর্থিক বছরেই ৫০০ কোটি টাকা অনুমোদিত হয়েছে বলে জানান তিনি। CRF থেকে আরও ১,৭০০ কোটি টাকা পাওয়ার আশ্বাস মিলেছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
রাস্তা মেরামত থেকে নতুন পুরসভা
পুজোর ষষ্ঠীর আগেই জেলার ক্ষতিগ্রস্ত ১,২৪৮ কিলোমিটার রাস্তার মেরামতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চাঁচল ও গাজোলকে নতুন পুরসভা করার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। সীমান্তবর্তী ২৯টি গ্রামকে ‘Vibrant Village’ প্রকল্পের আওতায় এনে পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
চাকরি, DA ও ‘বন্দে মাতরম’ নিয়েও বার্তা
সরকারি কর্মী, শিক্ষক ও পুলিশকর্মীদের ২০ শতাংশ অতিরিক্ত DA-সহ আগাম বেতন ১৬ অক্টোবরের মধ্যে দেওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু। আগামী ১২ অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১২ হাজার নবনিযুক্ত পুলিশকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগামী এক বছরে মেধার ভিত্তিতে ১ লক্ষ সরকারি চাকরির লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। স্কুলের পাশাপাশি মাদ্রাসাতেও ক্লাস শুরুর আগে পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ পরিবেশনের ওপর জোর দেন তিনি। এই নিয়ম যাঁরা মেনে চলবেন, তাঁদের ‘পরম বন্ধু’ বলেও মন্তব্য করেন শুভেন্দু। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, বেআইনি ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং গো-হত্যা সংক্রান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছেন তিনি।


