28.2 C
Kolkata
Thursday, October 8, 2026
spot_img

তখন ‘নাটক’, এখন ‘নিন্দা’! ঐশী থেকে বিকাশ—ক্ষমতার হাত বদলে মমতার সুর বদলের চর্চা!

কলকাতা: রাজনীতির স্মৃতি বড়ই বিচিত্র বস্তু। পাঁচ বছর আগের কথা মনে থাকলে আজকের বক্তব্য শুনে অনেকেরই ভুরু কুঁচকে যেতে পারে। তখন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত তরুণ বামনেত্রী ঐশী ঘোষের মাথায় ব্যান্ডেজ দেখে ‘নাটক’-এর গন্ধ পেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর আজ, কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রবীণ বাম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ উঠতেই সেই মমতার কণ্ঠে শোনা গেল তীব্র প্রতিবাদ, ‘এটি কি গ্রহণযোগ্য?’

ক্ষমতার পালাবদলের পর রাজনৈতিক অভিধানের শব্দও কি বদলে যায়? প্রশ্নটা উঠছেই। দিল্লি যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে গেলেন, বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। শুধু ফোনেই থামছেন না, দিল্লি থেকে ফিরে তাঁর সঙ্গে সরাসরি দেখা করার কথাও জানিয়েছেন তিনি (Mamata Banerjee) রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িতে হামলা নিয়ে এমন সরব অবস্থান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

মমতার বক্তব্য, রাজনৈতিক কর্মী কিংবা তাঁদের পরিবারের উপর হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর কথায়, প্রাক্তন মেয়র ও প্রবীণ আইনজীবীর বাড়িতে হামলার পাশাপাশি লোকজন ঢুকে পরিবারকে ভয় দেখানোর অভিযোগও উঠেছে। প্রশ্ন তুলেছেন, এমন ঘটনা কি মেনে নেওয়া যায়? অতীতে কি এমন কিছু ঘটেছে?

প্রশ্ন অবশ্য আরও একটি, ২০২০-তে যা ‘নাটক’ বলে উড়িয়ে দেওয়া হয়েছিল, ২০২৬-এ তারই রাজনৈতিক অভিধানে ‘হামলা’, ‘ভয় দেখানো’ এবং ‘চক্রান্ত’-এর জায়গা হল কীভাবে?

বাইকে মুখঢাকা যুবক, ঢাকা নম্বর প্লেট

অভিযোগের কেন্দ্রে পূর্বালোকের বাড়ি। ইএম বাইপাস সংলগ্ন এলাকায় বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাসভবন লক্ষ্য করে বৃহস্পতিবার সকালে হামলা চালানো হয় বলে অভিযোগ।

সিপিএম নেতার দাবি, বাইকে চেপে কয়েকজন যুবক বাড়ির সামনে আসে। মুখ ঢাকা ছিল তাঁদের। এমনকী বাইকের নম্বর প্লেটও কালো কাপড়ে ঢাকা ছিল বলে অভিযোগ। ফলে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

এরপরই শুরু হয় ইটবৃষ্টি। বাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছোড়া হয় বলে অভিযোগ। ভেঙে যায় জানলার কাচ। ঘটনাটিকে নিছক হঠাৎ উত্তেজনার বহিঃপ্রকাশ নয়, বরং পরিকল্পিত হামলা বলেই দাবি করেছেন বিকাশরঞ্জন।

অর্থাৎ, চিত্রনাট্যে সব উপকরণই হাজির, মুখ ঢাকা, নম্বর প্লেট ঢাকা, বাইকে আগমন, তারপর ইটবৃষ্টি। প্রশ্ন শুধু, পরিচালক কে?

ঐশী থেকে বিকাশ—রাজনীতির ‘ডাবল স্ট্যান্ডার্ড’?

২০২০ সালের জানুয়ারিতে জেএনইউয়ে হামলার পর মাথায় চোট নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তৎকালীন ছাত্র সংসদ সভাপতি ঐশী ঘোষ। তাঁর মাথায় ব্যান্ডেজ নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক হয়েছিল। বাম শিবিরের অভিযোগ ছিল, আক্রান্ত এক তরুণীর আঘাতকেও রাজনৈতিক কটাক্ষের বিষয় বানানো হয়েছিল।

পাঁচ বছর পর দৃশ্যপট পাল্টেছে। এবার আক্রান্তের পরিচয়, কলকাতার প্রাক্তন মেয়র, প্রবীণ আইনজীবী, দীর্ঘদিনের বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। আর তাঁর বাড়িতে ইট পড়তেই মমতার (Mamata Banerjee) বক্তব্যে উঠে এসেছে রাজনৈতিক হিংসার বিরুদ্ধে কড়া বার্তা।

রাজনীতির মঞ্চে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তখন ব্যান্ডেজে যদি ‘নাটক’ দেখা যায়, আজ জানলার কাচ ভাঙায় এত ‘চক্রান্ত’ কেন?

অবশ্য রাজনীতিতে স্থায়ী বলে যদি কিছু থেকে থাকে, তা হল অবস্থান বদলের স্বাধীনতা। পাঁচ বছর অনেক লম্বা সময়। ক্ষমতার সমীকরণ বদলায়, রাজনৈতিক শত্রু-মিত্রের সংজ্ঞা বদলায়, আর কখনও কখনও একই ঘটনার ভাষ্যও বদলে যায়।

আজ তাই পুরনো ভিডিও, পুরনো মন্তব্য আর নতুন প্রতিক্রিয়া পাশাপাশি রেখে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন হিসাব।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন