কলকাতা: এবার বর্ষীয়ান আইনজীবী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক দশকের সঙ্গী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে অভিযোগ দায়ের। জানা গিয়েছে, শুক্রবার রিষড়া থানায় অভিযোগ দায়ের করেছেন রিষড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার মনোজ সিং। শুধু তাই নয়, জাহাঙ্গির খানের মত কল্যাণকেও (Kalyan Banerjee) শ্রীরামপুরে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর দাবী তুলেছেন বিজেপি নেতা।
কিসের প্রেক্ষিতে অভিযোগ?
বস্তুত, বিধানসভা নির্বাচনের সময় একাধিকবার বিজেপিকে হিন্দিভাষীদের দল বলে মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ (Kalyan Banerjee)। তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা নাকি শুধু উত্তরপ্রদেশ, বিহার, গুজরাটের লোকদেরকেই হিন্দু মনে করে। এই ঘটনা টেনে বিজেপি কাউন্সিলার মনোজ সিংয়ের দাবি, ওই মন্তব্যে হিন্দিভাষী মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে এবং তা অত্যন্ত আপত্তিকর। অভিযোগপত্রে সাংসদের (Kalyan Banerjee) বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই স্থানীয় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিজেপির তরফে বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানানো হলেও, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


