কলকাতা: সোমবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন যে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল (mid-day meal) দেওয়ায় ইসকনের (ISKCON) সহযোগিতা নেওয়া হবে। এরপর থেকেই গেরুয়া রাজ্য পশ্চিমবঙ্গেও বুঝি পড়ুয়াদের পাত থেকে আমিষ উধাও হতে চলেছে, এমনই জল্পনা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক মহল থেকে শুরু করে অভিভাবক, স্কুলের মিড ডে মিলে (mid-day meal) ডিম থাকবে কি না, না থাকলে তা ভালো না খারাপ ইত্যাদি নিয়ে রীতিমত ঝড় উঠে গিয়েছে নেটপাড়ায়।
এই আবহে এবার মিড ডে মিলের মেনু নিয়ে মুখ খুলল ইসকন। ইসকনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের (mid-day meal) চূড়ান্ত মেনু এখনও নির্ধারণ করা হয়নি। ফলে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে সব মেনু ভাইরাল হচ্ছে বা ডিম বাদ দেওয়ার যে দাবি করা হচ্ছে, তার কোনও সরকারি ভিত্তি নেই। মেনু নিয়ে এখনও আলোচনা ও পরিকল্পনার পর্যায় চলছে।
তবে ডিম প্রসঙ্গে ইসকনের (ISKCON) এক শীর্ষকর্তার মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। তাঁর বক্তব্য, ডিমই একমাত্র প্রোটিনের উৎস নয়। সয়াবিন, রাজমা, পনির, বিভিন্ন ধরনের বিনস ও ডাল থেকেও পর্যাপ্ত প্রোটিন পাওয়া সম্ভব। ইসকনের দাবি, তাদের নির্ধারিত ডায়েটিশিয়ানরা এমন মেনু তৈরি করবেন যাতে শিশুদের প্রয়োজনীয় পুষ্টি, প্রোটিন ও ভিটামিনের কোনও ঘাটতি না থাকে।
এই মন্তব্যের পরই অনেকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি ভবিষ্যতে মিড ডে মিলের (mid-day meal) মেনুতে ডিমের বদলে নিরামিষ প্রোটিনের উপর বেশি জোর দেওয়া হবে? যদিও সেই বিষয়ে এখনও সরাসরি কোনও সিদ্ধান্ত বা ঘোষণা হয়নি। অর্থাৎ, আপাতত ইসকনের (ISKCON) বক্তব্যে একটাই বিষয় স্পষ্ট যে মেনু এখনও চূড়ান্ত হয়নি, তাই ডিম বাদ পড়ছে বলে এখনই নিশ্চিত করে বলার সুযোগ নেই।


