Aaj India Desk, হুগলি: দীর্ঘ ১৮ বছর পর আবারও শিল্পের স্বপ্ন দেখতে শুরু করেছে হুগলির সিঙ্গুর (Singur)। একসময় টাটার ন্যানো (Tata Nano) গাড়ির কারখানা ঘিরে আন্দোলন, বিক্ষোভ এবং রাজনৈতিক টানাপোড়েনের সাক্ষী ছিল এই এলাকা। সেই সিঙ্গুরেই এবার নতুন করে গড়ে উঠতে চলেছে গাড়ির কারখানা। তবে এবার টাটার নয়, কারখানা তৈরি করবে গাড়ি প্রস্তুতকারী সংস্থা অশোক লেল্যান্ড (Ashok Leyland)। সেখানে তৈরি হবে ট্রাক।
এই খবর সামনে এনেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিন খড়গপুর আইআইটিতে গিয়ে তিনি জানান, অশোক লেল্যান্ড খুব শীঘ্রই সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা গড়ে তুলবে। তাঁর কথায়, বাংলায় এমন একটি সরকার এসেছে, যারা রাজ্যে শিল্প ও কর্মসংস্থান বাড়াতে আগ্রহী। সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
প্রসঙ্গত, সম্প্রতি সিঙ্গুর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এলাকার মানুষের উদ্দেশে শিল্প নিয়ে আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সিঙ্গুরের মানুষের অনেক স্বপ্ন রয়েছে। জমির চরিত্র বদলে যাওয়ার পরেও এলাকার বেকার যুবকরা পরিবেশবান্ধব শিল্প চান। তাঁদের সেই প্রত্যাশা পূরণে সরকার উদ্যোগ নেবে বলেও জানিয়েছিলেন তিনি। একসময় ন্যানো কারখানা ঘিরে যে সিঙ্গুরে শিল্পের সম্ভাবনা থমকে গিয়েছিল, সেখানে ১৮ বছর পর নতুন কারখানা তৈরির ঘোষণায় আবারও আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা।


