Aaj India Desk,নয়াদিল্লি: আধার গ্রাহকদের জন্য বড় সুখবর! আগামী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আধার কার্ডে ইমেইল আইডি আপডেট করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এমনই ঘোষণা করেছে দেশের আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI)। এই সিদ্ধান্তের ফলে কোটি কোটি আধার ব্যবহারকারী সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
সাধারণত আধার কার্ডে ইমেইল আইডি যোগ করা বা পুরনো ইমেইল পরিবর্তন করার জন্য ৭৫ টাকা ফি দিতে হয়। কিন্তু গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আগামী ছয় মাসের জন্য সেই ফি সম্পূর্ণ মকুব করা হয়েছে। অর্থাৎ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আধারের সঙ্গে ইমেইল আইডি আপডেট করালে কোনও অতিরিক্ত খরচ করতে হবে না।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি। ইউআইডিএআই জানিয়েছে, এই বিনামূল্যের সুবিধা শুধুমাত্র আধার মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। অন্য কোনও পদ্ধতিতে বা নির্দিষ্ট পরিষেবা কেন্দ্রের মাধ্যমে আপডেট করাতে গেলে প্রচলিত নিয়ম অনুযায়ী ফি দিতে হবে।
বর্তমানে বহু আধার গ্রাহকের কার্ডে ইমেইল আইডি যুক্ত নেই। আবার অনেকের পুরনো ইমেইল অ্যাকাউন্ট আর ব্যবহারযোগ্য নয়। ফলে আধারের সঙ্গে সঠিক ও সক্রিয় ইমেইল আইডি যুক্ত থাকলে বিভিন্ন পরিষেবা, নোটিফিকেশন এবং ডিজিটাল যাচাইকরণের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। সেই কারণেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে ইউআইডিএআই।
কীভাবে আপডেট করবেন?
প্রথমে ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘My Aadhaar’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘Verify Email/Mobile Number’ অপশনে গিয়ে ‘Verify Email Address’ নির্বাচন করতে হবে। তারপর আধার নম্বর, ইমেইল আইডি এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট করতে হবে। নিবন্ধিত ইমেইল আইডিতে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি যাচাই করলেই সম্পূর্ণ হবে অথেনটিকেশন প্রক্রিয়া।
তাই যাঁরা এখনও আধারের সঙ্গে ইমেইল আইডি যুক্ত করেননি বা পুরনো ইমেইল পরিবর্তন করতে চান, তাঁদের জন্য আগামী ছয় মাস হতে চলেছে সেরা সুযোগ।


