Aaj India Desk, নয়াদিল্লি: নির্বাচন কমিশনের (ECI) তরফে ফের বড় ঘোষণা করা হল। ভোটার তালিকা (Voter List)-র বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর (SIR) নিয়ে। যেসব রাজ্যে ইতিমধ্যেই এসআইআর সম্পন্ন হয়েছে, সেগুলিকে বাদ দিয়ে এবার তৃতীয় দফায় দেশের আরও ১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। তবে আপাতত হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর এবং লাদাখে এসআইআর চালু করা হচ্ছে না।
বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশন জানায়, দেশজুড়ে এখন জনগণনা বা জনসুমারির কাজ চলছে। সেই কাজের সঙ্গে মিল রেখেই এসআইআরের তৃতীয় ধাপ শুরু করা হচ্ছে, যাতে মাঠ পর্যায়ে পর্যাপ্ত কর্মী পাওয়া যায় এবং পুরো প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়।
কমিশনের তথ্য অনুযায়ী, এই ধাপে প্রায় ৩.৯৪ লক্ষ বুথ লেভেল অফিসার (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন। প্রায় ৩৬.৭৩ কোটি ভোটারের তথ্য খতিয়ে দেখা হবে এই প্রক্রিয়ায়। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, দিল্লিতে এসআইআর হওয়ার পর আগামী ৭ অক্টোবর সেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, প্রথম দফায় বিহারে এসআইআর হয়েছিল। ২০২৫ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেই প্রক্রিয়া চলে। পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় দেখা যায়, প্রায় ৪৭ লক্ষ নাম বাদ পড়েছে।
দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, কেরল-সহ মোট ৯টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর করা হয়। সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে উত্তর প্রদেশে, যেখানে প্রায় ২.০৪ কোটিরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে। পশ্চিমবঙ্গেও ৯০ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে।


