Aaj India Desk, উত্তর ২৪ পরগনা : তৃনমূল কংগ্রেসের পরিষদীয় দল হাতছাড়া হওয়ার পর গতকাল সাংসদরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবস্থান নেন। তবে দলের এই দুঃসময়েও থামেনি গ্রেপ্তারির জের। গতকাল গভীর রাতেই ফের গ্রেপ্তার করা হলো আরেক তৃনমূল নেতাকে। তোলাবাজির অভিযোগেই বিধাননগর উত্তর থানার পুলিশ এবার গ্রেপ্তার করল বিধাননগর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta)। সোমবার গভীর রাতে রাজারহাটের রাইগাছিতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। মঙ্গলবার তাঁকে বিধাননগর আদালতে পেশ করার কথা রয়েছে।
১ কোটি টাকার তোলার অভিযোগ
মধুসূদন চক্রবর্তী নামে এক স্থানীয় ব্যবসায়ীর দায়ের করা এফআইআরের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) তাঁর কাছ থেকে নগদ প্রায় ১ কোটি টাকা আদায় করেছিলেন। পাশাপাশি প্রায়শই তাঁকে মানসিক নির্যাতন এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।
সব্যসাচী দত্তের বিরুদ্ধে অতীতেও তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগ উঠেছিল। ২০১৮ সালেও এক ব্যবসায়ীর অভিযোগকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। যদিও সেই সময় তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন।
রাতেই শুরু জিজ্ঞাসাবাদ
গ্রেপ্তারের পর সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে রাতভর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। তদন্তকারীরা অভিযোগের আর্থিক লেনদেন, সংশ্লিষ্ট নথি এবং ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখছেন।
উল্লেখ্য, সব্যসাচী দত্ত দীর্ঘদিন ধরেই রাজ্যের রাজনীতির পরিচিত মুখ। রাজারহাট-নিউটাউন কেন্দ্র থেকে ২০১১ ও ২০১৬ সালে বিধায়ক নির্বাচিত হন তিনি। ২০১৫ সালে গঠিত বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মেয়রও ছিলেন। ২০১৯ সালে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং পরে বিজেপির রাজ্য সম্পাদক হন। তবে ২০২১ সালে আবার তৃণমূলে ফিরে আসেন। বর্তমানে তিনি বিধাননগর পুরসভার চেয়ারম্যান এবং ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তার মধ্যেই সব্যসাচী দত্ত সহ একাধিক তৃনমূল নেতা মন্ত্রীদের পর পর গ্রেপ্তার নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।


