কলকাতা: প্রথমে ২০০ টাকা লাগিয়েছিলাম, ১,৪০০ টাকা ফিরে পেয়েছিলাম। তারপরই শুরু হল সর্বনাশ।” কলকাতার এক বেসরকারি সংস্থার কর্মীর এই অভিজ্ঞতাই যেন আজ হাজারো পরিবারের গল্প। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি মোটা টাকা জেতার লোভ দেখিয়ে ছড়িয়ে পড়ছে ভুয়ো অনলাইন ‘সাট্টা মটকা’ (Betting App Scam) অভিযোগ, এই ফাঁদে পা দিয়ে কলকাতা থেকে জেলার বহু মানুষ কষ্টার্জিত সঞ্চয় হারাচ্ছেন।
কীভাবে পাতছে ফাঁদ?
হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসে একটি লিঙ্ক। দাবি করা হয়, অ্যাপ ডাউনলোড করলেই ঘণ্টায় ঘণ্টায় ‘জোড়ি’ বা ‘তিন নম্বর’-এর খেলায় অংশ নিয়ে জেতা যাবে বিপুল টাকা (Betting App Scam)। শুরুতে অল্প টাকা লাগালে অনেকের অ্যাকাউন্টে কিছু টাকা ফেরতও আসে। আর সেখানেই বাড়ে বিশ্বাস, বাড়ে লোভ।
তারপর?
অভিযোগ, কয়েক হাজার থেকে লক্ষ টাকা লগ্নি করতেই উধাও হয়ে যায় সব। কেউ ধার করেন, কেউ সংসারের খরচের টাকা ঢেলে দেন এই অনলাইন জুয়ার নেশায় (Betting App Scam) । হারিয়েও থামতে পারেন না অনেকে।
এবার কড়া লালবাজার
এই প্রতারণার অভিযোগে লালবাজারের সাইবার থানায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। প্রতারণা, জালিয়াতি, তথ্যপ্রযুক্তি আইন এবং অনলাইন গেমিং সংক্রান্ত আইনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
পুলিশের দাবি, শহরে কাগজে-কলমে চলা সাট্টার ঠেকগুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযান চলছে। সেই কারণেই চক্রটি এবার ডিজিটাল দুনিয়ায় ঘাঁটি গেড়েছে। তদন্তকারীরা খুঁজে দেখছেন, কারা এই ভুয়ো অ্যাপ তৈরি করছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে (Betting App Scam)।
সবচেয়ে বড় বিপদ কোথায়?
গোয়েন্দাদের মতে, এই প্রতারণার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল ‘প্রথমে জিতিয়ে পরে নিঃস্ব করা’। অল্প লাভ দেখিয়ে খেলোয়াড়কে বারবার ফিরিয়ে আনা হয়। একসময় সেই লাভের আশাতেই মানুষ হারিয়ে ফেলেন নিজের নিয়ন্ত্রণ! আর খুইয়ে বসেন জীবনের সঞ্চয়।
এক ক্লিকে (Betting App Scam) ধনী হওয়ার স্বপ্নই এখন বহু পরিবারের দুঃস্বপ্ন। তাই পুলিশ সতর্ক করছে, অচেনা লিঙ্ক, ভুয়ো বেটিং অ্যাপ এবং ‘গ্যারান্টিড রিটার্ন’-এর প্রতিশ্রুতি দেখলেই সাবধান হন।


