Aaj India Desk, কলকাতা: বিগ বসের ঘরে টানা ৭০ দিনেরও বেশি সময় কাটিয়ে অবশেষে কলকাতায় ফিরেছেন অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)। কিন্তু তাঁর বাড়ি ফেরার মুহূর্তে নেটিজেনদের নজর কেড়েছে অন্য একটি দৃশ্য। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন অভিনেতা প্রতীক সেনের মা। আর তাঁর হাত ধরেই বাড়ির পথে পা বাড়ালেন সোনামণি। এই দৃশ্য সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে বিয়ের জল্পনা। তবে কি সত্যিই চলতি বছরের ডিসেম্বরেই চার হাত এক হতে চলেছে?
প্রায় ৭০ দিনের লড়াইয়ের পর বিগ বস বাংলার ঘর থেকে বিদায় নিতে হয়েছে সোনামণিকে (Sonamoni Saha)। চলতি সপ্তাহের নমিনেশন তালিকায় ছিলেন তনুশ্রী, রাজবীর এবং সোনামণি। দর্শকদের বিচারে সবচেয়ে কম ভোট পাওয়ায় শেষ পর্যন্ত শো থেকে বাদ পড়েন অভিনেত্রী। রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি।
তবে সোনামণির (Sonamoni Saha) বাড়ি ফেরার মুহূর্তে বিশেষভাবে নজর কেড়েছে প্রতীক সেনের মায়ের উপস্থিতি। বিমানবন্দরে তাঁকে নিতে হাজির হয়েছিলেন প্রতীকের মা। তাঁর হাত ধরেই বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই এই ছবি ঘিরে অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা। প্রতীক ও সোনামণির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা রয়েছে টেলিপাড়ায়।
এরই মধ্যে বিনোদন মহলে গুঞ্জন, চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন সোনামণি ও প্রতীক। সেই জল্পনা নিয়েই কলকাতায় ফিরেই প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। বিয়ের প্রসঙ্গে সোনামণির স্পষ্ট উত্তর, “আরে সবাই এমন চ্যাঁচাল… চারিদিকে বলছে যে কবে বিয়ে, কবে বিয়ে! আমি বলেছিলাম দাঁড়া, উইনারটা হয়ে ডিসেম্বরটা আসুক… আমি জাস্ট এমনিই বলেছিলাম। আমি সত্যিই এখনও কিছু জানি না। তবে জানতে পারলে নিশ্চয় জানাব।” অর্থাৎ ডিসেম্বরেই বিয়ে হচ্ছে কি না, তা নিয়ে এখনই কোনও নিশ্চিত তথ্য দিতে না চাইলেও প্রতীক সেনের সাথে সম্পর্ক অস্বীকার করেননি অভিনেত্রী।
উল্লেখ্য, অভিনেতা প্রতীক সেন ও সোনামণি সাহার সম্পর্ক নিয়ে অনুরাগীদের কৌতূহল নতুন নয়। ‘ মৈনাক ‘ ধারাবাহিক শেষ হলেও এই জুটি নিয়ে ভক্তদের আলোচনার শেষ নেই। এবার বিমানবন্দরে প্রতীকের মায়ের সঙ্গে সোনামণির এই উপস্থিতি সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। তবে বিয়ের দিনক্ষণ বা প্রস্তুতি নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি দু’জনের কেউই। ফলে ডিসেম্বরের বিয়ের জল্পনা আপাতত জল্পনার স্তরেই থাকছে। এবার দেখার, বিগ বসের ঘর থেকে বেরিয়ে বাস্তব জীবনে নতুন কোনও অধ্যায়ের সূচনা করেন কি না সোনামণি ও প্রতীক।


